যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বাংলাদেশের

- সর্বশেষ আপডেট ১১:০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / 182
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্রুত কূটনৈতিক পথে থামাতে ওয়াশিংটনের প্রতি আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছে ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, দীর্ঘায়িত যুদ্ধ সবার জন্যই অস্থিরতা ডেকে আনবে।
বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর–এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।
আলোচনায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ তুলে ধরা হয়। মন্ত্রীর ভাষ্যে, যুদ্ধ যত বাড়বে ততই তার প্রভাব সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়বে। তাই দ্রুত আলোচনার টেবিলে ফেরার ওপরই জোর দিয়েছে বাংলাদেশ।
তবে সংঘাত থামানো কেবল একটি দেশের ইচ্ছার ওপর নির্ভর করে না বলেও তিনি ইঙ্গিত করেন।
দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও কথা হয়েছে। পল কাপুর আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সামনে আরও বিস্তৃত হতে পারে। রোহিঙ্গা সংকটের সমাধানে ওয়াশিংটন সহযোগিতা অব্যাহত রাখবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন।
ইন্দো-প্যাসিফিক প্রসঙ্গ উঠে এলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ অঞ্চলের পরিবর্তিত বাস্তবতায় বাংলাদেশকে নতুনভাবে ভাবতে হবে। তবে সামরিক সহযোগিতা নিয়ে এ বৈঠকে নির্দিষ্ট কোনো আলোচনা হয়নি।
সাম্প্রতিক নির্বাচন প্রসঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছেন, ভোট প্রত্যাশার চেয়ে শান্তিপূর্ণ ও অবাধ হয়েছে। পাশাপাশি ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে শুল্ক ইস্যুতে চলমান আলোচনার কথাও ওঠে।
গত ৩১ জুলাই একটি চুক্তি সম্পন্ন হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইন মেনেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য নীতির বিষয়টি বাংলাদেশের প্রচলিত নীতির সঙ্গে সাংঘর্ষিক নয় বলেও তিনি উল্লেখ করেন।

































