যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি নিশ্চয়তা চায় সরকার

- সর্বশেষ আপডেট ০৩:৪৩:১১ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / 243

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সাথে আজ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে US Assistant Secretary for South and Central Asian Affairs Mr. S Paul Kapur সৌজন্য স্বাক্ষাৎ করেন। এ সময় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জ্বালানি বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত Brent T. Christensen উপস্থিত ছিলেন (বুধবার, ৪ মার্চ ২০২৬)।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ ঘিরে বৈশ্বিক জ্বালানি বাজারে যে অস্বস্তি জমছে, তার ছায়া ঢাকাতেও পড়েছে। সেই প্রেক্ষাপটে ওয়াশিংটনের সঙ্গে সরাসরি সহায়তার কথা বলেছে সরকার। বুধবার ঢাকায় সফররত পল কাপুর–এর সঙ্গে বৈঠক শেষে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের জানান, চলমান মধ্যপ্রাচ্য সংঘাত জ্বালানি সরবরাহের ধারাবাহিকতা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।
তার ভাষ্য অনুযায়ী, এই উৎকণ্ঠা শুধু বাংলাদেশের নয়, বিশ্ববাজারের সঙ্গে যুক্ত প্রায় সব দেশেরই।
সরকার পরিস্থিতিকে ‘ডিজাস্টার’ পর্যায়ে যেতে দিতে চায় না—এমন ইঙ্গিত দিয়ে মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তার অনুরোধ জানানো হয়েছে। কাপুর বিষয়টি মার্কিন প্রশাসনের উচ্চপর্যায়ে তুলে ধরবেন বলেও জানান তিনি।
তবে আপাতত মজুতের হিসাব নিয়ে খুব বেশি আতঙ্কিত হওয়ার কারণ দেখছেন না মন্ত্রী। সাশ্রয়ী ব্যবহারের শর্তে ঈদের ছুটি পর্যন্ত, অন্তত মার্চের শেষভাগ পর্যন্ত, বিদ্যমান মজুত দিয়ে চাহিদা সামাল দেওয়া সম্ভব হতে পারে—এমন ধারণাই তিনি তুলে ধরেন।
এর মধ্যেই আরেকটি অস্বস্তিকর তথ্য সামনে এসেছে। দেশে হঠাৎ ডিজেলের বিক্রি বেড়েছে।
মন্ত্রীর দাবি, এর একটি অংশ সীমান্ত পেরিয়ে ভারতে পাচার হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তে নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ–কে।































