যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রীর সম্পত্তি জব্দের নির্দেশ

- সর্বশেষ আপডেট ০৮:০৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 164
ঢাকার একটি আদালত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ–এর নামে যুক্তরাজ্যে থাকা ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্টসহ প্রায় ১.২৩ মিলিয়ন পাউন্ড মূল্যের অন্যান্য সম্পদ জব্দের আদেশ দিয়েছেন।
অর্থপাচারের অভিযোগে চলমান তদন্তের প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত এসেছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের শুনানি শেষে আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনপত্রে উল্লেখ করা হয়, জাবেদ এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে যুক্তরাজ্যের লন্ডনসহ বিভিন্ন এলাকায় বিপুল সম্পদ রয়েছে।
তদন্তকারীদের মতে, এসব সম্পদের উৎস যাচাই এবং সম্ভাব্য অর্থপাচারের অভিযোগ খতিয়ে দেখতে সম্পত্তিগুলো জব্দ করা প্রয়োজন। এ লক্ষ্যে দুদক, সিআইডি ও এনবিআরের সদস্যদের নিয়ে একটি সমন্বিত টাস্কফোর্স কাজ করছে।
তদন্তে যে নথি উদ্ধার হয়েছে, তার মধ্যে বিদেশে সম্পত্তি কেনাবেচার চুক্তিপত্র, ডিড, পেমেন্ট অর্ডার, বুকিং মানির রশিদ, চেক ও ভাউচার রয়েছে। আদালতে যুক্তরাজ্যে থাকা সম্পদের একটি প্রাথমিক তালিকাও উপস্থাপন করা হয়।
তালিকা অনুযায়ী, লন্ডনের মেরিলিবোন স্কয়ারে প্রায় ৬৫ লাখ ২১ হাজার পাউন্ড মূল্যের একটি অ্যাপার্টমেন্ট রয়েছে। এছাড়া ওভাল ভিলেজে একাধিক ফ্ল্যাট, ক্ল্যারেনডন রোডে ১.২৩ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পত্তি এবং লিভারপুলের ওয়ান ইসলিংটন প্লাজায় কয়েকটি ইউনিটের তথ্য দেওয়া হয়েছে। হারো, স্লফ ও প্রেস্টনসহ আরও বিভিন্ন এলাকায় সম্পদের অস্তিত্বের কথাও আদালতে জানানো হয়েছে।
তদন্ত সংস্থাগুলোর দাবি, এসব সম্পত্তির আর্থিক লেনদেন ও মালিকানার উৎস বিশ্লেষণ করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।




































