সাকিবকে ফেরাতে বিসিবির সক্রিয় উদ্যোগ

- সর্বশেষ আপডেট ০৫:২৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 234
দীর্ঘ বিরতির পর আবারও জাতীয় দলে ফিরতে পারেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাকে দলে ফেরাতে নতুন করে তৎপর হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বোর্ড সূত্রে জানা গেছে, সাকিবের বিরুদ্ধে দায়ের হওয়া আইনি মামলাসংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। এতে তার দেশে ফেরা ও জাতীয় দলে যোগ দেওয়ার প্রক্রিয়া আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের হওয়া মামলাগুলোর অগ্রগতি নিয়েই মূলত আলোচনা হয়েছে এবং ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মিলেছে।
নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আগে থেকেই জানিয়ে আসছিলেন, রাজনৈতিক কারণে কোনো ক্রীড়াবিদ যেন ক্ষতির মুখে না পড়েন, সে বিষয়ে তিনি আন্তরিক। দায়িত্ব নেওয়ার পরও তিনি স্পষ্ট করেছেন, জাতীয় দলের প্রয়োজনে সাকিব বা মাশরাফি বিন মুর্তজা দেশে ফিরতে চাইলে সরকার সর্বাত্মক সহায়তা দেবে।
বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, মামলার বিষয়টি সরকারের তত্ত্বাবধানে রয়েছে এবং নিরাপত্তার দিকটিও নিশ্চিত করা হবে। জাতীয় দলের চাহিদা বিবেচনায় সাকিবকে ফেরাতে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে, যার ধারাবাহিকতায় মামলার কাগজপত্র জমা দেওয়া হয়েছে।
আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজকে সামনে রেখে জোর গুঞ্জন—সেখানেই হয়তো আবার লাল-সবুজ জার্সিতে দেখা যেতে পারে সাবেক এই অধিনায়ককে। ভক্তদের অপেক্ষা এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার।





































