চীন থেকে সুপারসনিক ক্ষেপণাস্ত্র কিনছে ইরান

- সর্বশেষ আপডেট ১০:২৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 219
চীনের কাছ থেকে সুপারসনিক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে ইরান। চুক্তির সঙ্গে সরাসরি যুক্ত ছয়টি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
এমন এক সময়ে তেহরান এই সিদ্ধান্ত নিচ্ছে, যখন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের আশঙ্কায় ইরানের উপকূলের কাছে বড় নৌবহর মোতায়েন করা হয়েছে। এতে অঞ্চলজুড়ে উত্তেজনা আরও ঘনীভূত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চীনে তৈরি ৩০২ মডেলের ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে সরবরাহের নির্দিষ্ট সময় এখনও ঠিক হয়নি।
প্রায় ২৯০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র সুপারসনিক গতিতে খুব নিচু উচ্চতায় উড়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বিশেষজ্ঞদের মতে, জাহাজের প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে আঘাত হানার ক্ষমতা থাকায় এগুলো প্রতিহত করা অত্যন্ত কঠিন।
অস্ত্র বিশ্লেষকদের ধারণা, এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হলে ইরানের সামুদ্রিক আঘাত হানার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। বিশেষ করে পারস্য উপসাগর ও আশপাশের জলসীমায় মার্কিন নৌবাহিনীর জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
এই চুক্তির আলোচনা শুরু হয়েছিল অন্তত দুই বছর আগে। তবে গত জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনের সংঘাতের পর বিষয়টি দ্রুত অগ্রসর হয়। গত গ্রীষ্মে ইরানের জ্যেষ্ঠ সামরিক ও সরকারি কর্মকর্তারা চীন সফর করেন। সেই সফরে উপপ্রতিরক্ষামন্ত্রী মাসউদ ওরাইও অংশ নেন বলে জানা গেছে।
ইসরায়েলভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ–এর গবেষক ও সাবেক গোয়েন্দা কর্মকর্তা ড্যানি সিত্রিনোয়িক্জের ভাষ্য, ইরান যদি জাহাজে হামলার জন্য সুপারসনিক সক্ষমতা অর্জন করে, তাহলে আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে। তার মতে, এই ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা অত্যন্ত কঠিন এবং তা সামরিক সমীকরণ নতুনভাবে নির্ধারণ করতে পারে।
চুক্তিতে কতগুলো ক্ষেপণাস্ত্র থাকবে বা ইরান কত অর্থ পরিশোধ করবে, সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। চীন শেষ পর্যন্ত চুক্তিটি কার্যকর করবে কি না, সেটিও স্পষ্ট নয়। রয়টার্সকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, মিত্রদের সঙ্গে ইরানের সামরিক ও নিরাপত্তা চুক্তি রয়েছে এবং এখন সেগুলো বাস্তবায়নের উপযুক্ত সময়।
জাতিসংঘে নিযুক্ত চীনা প্রতিনিধিদল এ বিষয়ে মন্তব্যের জন্য বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হোয়াইট হাউসও সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, হয় একটি সমঝোতায় পৌঁছাতে হবে, নতুবা আগের মতো কঠোর পদক্ষেপ নেওয়া হবে।


































