শুল্ক নীতিতে অনড় ট্রাম্প প্রশাসন

- সর্বশেষ আপডেট ০৮:৪০:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 160
আগের চুক্তি অক্ষুণ্ন রেখে নতুন বৈশ্বিক শুল্ক আরোপের পথে হাঁটছে যুক্তরাষ্ট্র। আদালতের রায় ও রাজনৈতিক বাধা সত্ত্বেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন শুল্কনীতিতে পিছু হটছে না বলে জানিয়েছেন তার বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার।
সিবিএসের ফেস দ্য নেশন অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে গ্রিয়ার বলেন, গত নয় মাসে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও সুইজারল্যান্ডসহ প্রায় ২০টি দেশের সঙ্গে যে শুল্ক সমঝোতা হয়েছে, তা বহাল থাকবে।
নতুন ১৫ শতাংশ বৈশ্বিক শুল্ক এসব চুক্তির বাইরে এবং আগের সমঝোতায় এর কোনো প্রভাব পড়বে না। তার ভাষায়, যুক্তরাষ্ট্র এসব চুক্তিকে ভালো চুক্তি মনে করে এবং অংশীদারদের কাছ থেকেও একই প্রতিশ্রুতি আশা করে।
এর আগে ২০ ফেব্রুয়ারি মার্কিন সুপ্রিম কোর্ট রায় দেয়, ১৯৭৭ সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট প্রেসিডেন্টকে শুল্ক আরোপের ক্ষমতা দেয় না।
হোয়াইট হাউজ তখন জানায়, ওই আইনের অধীনে আর শুল্ক আদায় করা হবে না। কিন্তু সিদ্ধান্তে থেমে থাকেননি ট্রাম্প। ১৯৭৪ সালের ট্রেড এক্সপ্যানশন অ্যাক্টের ১২২ ধারা ব্যবহার করে প্রথমে ১০ শতাংশ, পরে তা বাড়িয়ে ১৫ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি।
তবে এই নতুন পদক্ষেপের পথও মসৃণ নয়। ১২২ ধারার অধীনে সর্বোচ্চ ১৫ শতাংশ শুল্ক আরোপ করা গেলেও তা কার্যকর থাকে মাত্র ১৫০ দিন। এরপর শুল্ক চালু রাখতে হলে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন।
এছাড়া আন্তর্জাতিক লেনদেনে বড় ধরনের ঘাটতির প্রমাণ দেখানো বাধ্যতামূলক, যা না হলে আইনি চ্যালেঞ্জের ঝুঁকি থাকে।
রাজনৈতিক বাস্তবতাও ট্রাম্পের জন্য কঠিন হয়ে উঠতে পারে। প্রতিনিধি পরিষদে তার দল সংখ্যাগরিষ্ঠ হলেও সিনেটে ডেমোক্র্যাটদের প্রাধান্য রয়েছে। এমনকি রিপাবলিকানদের মধ্যেও শুল্কনীতি নিয়ে মতভেদ আছে। ফলে ১৫০ দিন পর কংগ্রেসে শুল্কের মেয়াদ বাড়ানো অনিশ্চিত বলেই মনে করছেন বিশ্লেষকেরা।
ইউরোপীয় সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ইকোনমির যুক্তরাজ্য ট্রেড পলিসি প্রজেক্টের পরিচালক ডেভিড হেনিগ বলেন, বর্তমান প্রশাসনের সঙ্গে করা কোনো চুক্তিই স্থায়ী হবে—এমন প্রত্যাশা করা কঠিন। তাই সংশ্লিষ্ট দেশগুলো এখন সম্ভাব্য পরবর্তী পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিজেদের কৌশল সাজাচ্ছে।


































