সংস্কার কার্যক্রম বাস্তবায়নে ইইউর আহ্বান

- সর্বশেষ আপডেট ০৪:১৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 146
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার অন্তর্বর্তী সরকারের ঘোষিত সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম–এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ প্রত্যাশার কথা জানান।
বৈঠকে ঢাকায় অবস্থানরত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। আলোচনায় অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের অগ্রগতি এবং তা বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে বিস্তারিত কথা হয়।
মাইকেল মিলার বলেন, ইইউ আশা করছে নতুন সরকার সংস্কার কর্মসূচি কার্যকরভাবে এগিয়ে নেবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। নতুন সরকারের সঙ্গে উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অভিবাসন, মানবিক সহায়তা এবং নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে কীভাবে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে।
এদিন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসনও পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করেন।
































