কারওয়ান বাজারে চাঁদাবাজি থামানো কঠিন বললেন মিলন

- সর্বশেষ আপডেট ০৩:৫৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 228
কারওয়ান বাজারে চাঁদাবাজি এখন এমন এক বাস্তবতায় দাঁড়িয়েছে, যেখানে এটি বন্ধ করা সহজ নয় বলে মন্তব্য করেছেন ঢাকা-১২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাইফুল আলম মিলন।
রমজান সামনে রেখে দ্রব্যমূল্য সহনীয় রাখতে ব্যবসায়ীদের ওপর চাপ ও হয়রানির বিরুদ্ধে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি পরিস্থিতির জটিলতার কথা তুলে ধরেন।
সোমবার কারওয়ান বাজারের কিচেন মার্কেটে ইসলামিয়া শান্তি সমিতির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে মিলন বলেন, চাঁদাবাজি এখন বড় ইস্যুতে পরিণত হয়েছে।
এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি শুনছেন, কারওয়ান বাজারে গেলে তার নিজের জীবনও ঝুঁকিতে পড়তে পারে। অনেকেই তাকে সতর্ক করে দিয়েছেন, সেখানে না যেতে।
তিনি বলেন, এই অবস্থা থেকে উত্তরণ সহজ নয়। দুদিন আগে তিনি শুনেছেন, কয়েকজন মুরগি ব্যবসায়ী মিলে এক চাঁদাবাজকে ৬০ লাখ টাকা দিয়েছেন। এমন বড় অঙ্কের লেনদেন কারা করছে, কারা নিচ্ছে—তা সবারই জানা। এটি একা কারও পক্ষে বন্ধ করা সম্ভব নয়, সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।
নিজের সীমাবদ্ধতার কথাও স্বীকার করেন এই সংসদ সদস্য। তিনি বলেন, নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব থাকলেও লাঠিসোঁটা নিয়ে নামা তার কাজ নয়। এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা প্রয়োজন, সরকারের সক্রিয় উদ্যোগ ছাড়া এই সমস্যা সমাধান সম্ভব নয়।
সরকারের সাম্প্রতিক বক্তব্য নিয়েও প্রশ্ন তোলেন মিলন। তার দাবি, সমঝোতার মধ্যে কিছু নেওয়াকে চাঁদাবাজি নয়—এমন বক্তব্য বিভ্রান্তিকর। সব লেনদেনই কোনো না কোনো সমঝোতার মধ্য দিয়ে হয়। ভুল বক্তব্য দিলে তা সংশোধনের উদ্যোগও নেওয়া উচিত।

































