রমজান ঘিরে মুখর রাজধানীর ইফতার বাজার

- সর্বশেষ আপডেট ০৫:২৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
- / 272
পবিত্র রমজান উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় ইফতার সামগ্রীর দোকানে বেড়েছে ক্রেতাদের ভিড়। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকে মিরপুর, পল্লবী ও আশপাশের এলাকায় জমে ওঠে ইফতারি বেচাকেনা।
জুমার নামাজের পর থেকেই বিক্রেতারা রাস্তার পাশে ও অলিগলিতে নানান পদের ইফতারি সাজিয়ে বসেন। বেগুনি, পেঁয়াজু, আলুর চপ থেকে শুরু করে হালিম, কাবাব ও গ্রিল—সবকিছুর সমাহার রয়েছে দোকানগুলোতে। ক্রেতারাও পরিবারের জন্য পছন্দের খাবার কিনতে ভিড় করছেন। অনেকেই আবার রঙিন আয়োজনের ছবি তুলছেন।
পল্লবী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ইফতারি বিক্রি করেন আব্দুল করিম। তিনি জানান, বেগুনি, আলুর চপ ও পেঁয়াজু প্রতিটি পাঁচ টাকা করে বিক্রি হচ্ছে। বুট ও বুন্দিয়া প্রতি ১০০ গ্রাম ২০ টাকা এবং ডিমের চপ ২০ টাকায় বিক্রি করা হচ্ছে। তার ভাষ্য, কাঁচামালের দাম বড় ধরনের না বাড়ায় আগের বছরের মতোই মূল্য রাখা হয়েছে।
সাড়ে ১১ নম্বর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় কয়েকটি অস্থায়ী দোকানে ঐতিহ্যবাহী ইফতারির পাশাপাশি ফাস্টফুডও বিক্রি হচ্ছে। স্প্রিং রোল ৩০ টাকা, ফ্রাইড প্রন ৩০ টাকা, চিকেন স্ট্রিপ ৭০ টাকা, বিফ ও চিকেন কোপ্তা ৫০ টাকা, চিকেন শাসলিক ৭০ টাকা দরে পাওয়া যাচ্ছে। গ্রিল চিকেন ৫০০ টাকা, খাসির লেগ রোস্ট ১২০০ টাকা এবং বিভিন্ন ধরনের কাবাব ১৫০ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। হালিমের দাম হাঁড়ির আকারভেদে ৩০০ থেকে ৭০০ টাকা।
স্থানীয় বাসিন্দা নুসরাত জাহান বলেন, বাসায় গ্যাসের সমস্যার কারণে অনেক সময় বাইরে থেকে ইফতার কিনতে হয়। তবে দাম এখনো নাগালের মধ্যেই রয়েছে বলে জানান তিনি।
বিক্রেতাদের আশা, রমজান শুরু হলে ইফতার বাজারে ক্রেতাদের উপস্থিতি আরও বাড়বে।
































