শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন ওম বিড়লা

- সর্বশেষ আপডেট ১০:৪২:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 83
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরাসরি অংশ নিতে পারবেন না। ভারতের তরফ থেকে এই অনুষ্ঠানে প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
রোববার (১৫ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ১৭ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে ওম বিড়লা ভারতের সরকারকে প্রতিনিধিত্ব করবেন। মন্ত্রণালয় জানিয়েছে, স্পিকারের অংশগ্রহণ দুই দেশের জনগণের মধ্যে দৃঢ় ও স্থায়ী বন্ধুত্বের প্রতিফলন এবং গণতান্ত্রিক মূল্যবোধে ভারতের অঙ্গীকারের প্রকাশ।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, সমৃদ্ধ সাংস্কৃতিক ইতিহাস ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ভারত বাংলাদেশে নির্বাচিত সরকারের ক্ষমতায় আগমনকে স্বাগত জানাচ্ছে। এর মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে ঐক্য ও বন্ধুত্বকে আরও দৃঢ় করার লক্ষ্য রয়েছে।
নরেন্দ্র মোদি অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন, তবে একই দিনে ইন্ডিয়া–এআই ইমপ্যাক্ট সামিটে তার অংশগ্রহণ থাকায় তিনি সরাসরি ঢাকায় আসতে পারছেন না। তাই ভারত সরকারের প্রতিনিধি হিসেবে শপথ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন ওম বিড়লা।

































