কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

- সর্বশেষ আপডেট ০৫:৪১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
- / 102
ঠাকুরগাঁও এ ৫০ লক্ষাধিক টাকাসহ বিমানবন্দরে জামায়াত নেতার আটকের রেশ কাটতে না কাটতেই আরেকটি খবর ভাইরাল হয়েছে। কুমিল্লার মুরাদনগর উপজেলায় নগদ দুই লাখ টাকা বহনের অভিযোগে জামায়াতের এক নেতাকে স্থানীয়দের সহযোগিতায় আটক করা হয়েছে। পরে প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার ছালিয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম মাওলানা হাবীবুর রহমান হেলালী। তিনি কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিমের ছালিয়াকান্দি কেন্দ্রের প্রধান সমন্বয়কের দায়িত্বে রয়েছেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হেলালী ব্যক্তিগত একটি গাড়িতে করে ধামগড় এলাকা থেকে ছালিয়াকান্দিতে আসেন। তার চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় এলাকাবাসী গাড়িটি তল্লাশি করেন। তল্লাশির সময় গাড়ির পেছনে থাকা একটি বাজারের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে উপরে একটি পাতলা কম্বল দিয়ে ঢাকা অবস্থায় এক হাজার টাকার নোটের দুটি বান্ডিল পাওয়া যায়, যার মোট পরিমাণ দুই লাখ টাকা।
ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসনকে জানানো হলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছে। তবে টাকা বিতরণের সময় তাকে সরাসরি হাতে-নাতে ধরা হয়নি। এ কারণে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেখবেন।
এদিকে কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল মতিন বলেন, বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে অবগত নন। খোঁজখবর নিয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা চলছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকে সামনে রেখে সন্দেহজনক লেনদেন বা আচরণের বিষয়ে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।































