ভোটার স্লিপে এবার প্রার্থীর নাম ও প্রতীক ব্যবহার অনুমোদন

- সর্বশেষ আপডেট ০৬:৪৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / 191
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভোটারদের সুবিধার জন্য এবার ভোটার স্লিপে প্রার্থীর নাম এবং প্রতীক অন্তর্ভুক্ত করার অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। এর মাধ্যমে ভোটারদের জন্য প্রার্থী চিহ্নিত করা আরও সহজ হবে এবং ভোট দেওয়ার প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সুবিধাজনক হবে।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে জানান, পূর্বের নিয়ম অনুযায়ী ভোটার স্লিপে প্রার্থীর নাম বা প্রতীক থাকত না।
এবার নির্বাচনের আগে ভোটার স্লিপে এই তথ্য দেওয়া যাবে। তিনি আরও জানান, নির্বাচনি উপকরণ বিতরণ আগামী বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে এবং কেন্দ্রগুলোতে সন্ধ্যার মধ্যে সব উপকরণ পৌঁছাবে।
ফলাফল সংক্রান্ত বিষয়ে কমিশনার বলেন, ভোটকেন্দ্র থেকে প্রাথমিক ফল জানানো হবে এবং পাশাপাশি নির্বাচন কমিশন ভবন থেকেও ফল ঘোষণা করা হবে।
আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সাংবাদিকদের নির্বাচনের সার্বিক পরিস্থিতি জানাতে আগামীকাল বেলা ১১টায় ব্রিফিং আয়োজন করা হবে।


































