নতুন রাষ্ট্র নির্মাণে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: আসিফ নজরুল

- সর্বশেষ আপডেট ০৩:২৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / 76
নতুন রাষ্ট্র কাঠামো গঠনের প্রক্রিয়ায় আওয়ামী লীগের অন্তর্ভুক্তির কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তার মতে, গণতান্ত্রিক রূপান্তর ও সংস্কারের যে উদ্যোগ চলছে, সেখানে দলটি অনুশোচনা বা ইতিবাচক ভূমিকার কোনো ইঙ্গিত দেয়নি।
মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে কমনওয়েলথের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। সভায় প্রতিনিধি দলটি আসন্ন নির্বাচন, রাজনৈতিক পরিবেশ এবং সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে জানতে চায় বলে জানান আসিফ নজরুল।
তিনি বলেন, প্রতিনিধি দলকে আশ্বস্ত করা হয়েছে যে দীর্ঘদিন পর বাংলাদেশ একটি প্রকৃত ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের দিকে এগোচ্ছে এবং জনগণ এবার বাস্তব অর্থেই জনপ্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবে।
আওয়ামী লীগের অবস্থান প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, দলটির কোনো নেতা এখন পর্যন্ত অনুশোচনামূলক বক্তব্য দেননি কিংবা গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার চলমান প্রচেষ্টার সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ দেখাননি। এই বাস্তবতায় নতুন রাষ্ট্র নির্মাণের প্রক্রিয়ায় তাদের অন্তর্ভুক্ত করা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হবেন, তাদের ওপর সংস্কার কার্যক্রম অব্যাহত রাখা এবং তা বাস্তবায়নের গুরুদায়িত্ব বর্তাবে। একই সঙ্গে জুলাই মাসে যারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মত্যাগ স্মরণ রেখে রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
নির্বাচনে নারী অংশগ্রহণ প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, এবারের নির্বাচনে আগের যেকোনো সময়ের তুলনায় নারীদের অংশগ্রহণ আরও বাড়বে। নারী ভোটার কমে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, বরং রাজনৈতিক পরিসরে তাদের উপস্থিতি আরও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনামলে নেকাব পরিহিত নারীরা হয়রানির শিকার হতেন। বর্তমান বাস্তবতায় সেই বাধা নেই, ফলে রাজনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ আরও দৃশ্যমান হবে।
































