বিএনপির ভূমিধস জয়ের আশা: মির্জা ফখরুল

- সর্বশেষ আপডেট ০৩:০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / 198
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ভূমিধসসম (ল্যান্ডস্লাইড) জয় পাবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, চেক অ্যান্ড ব্যালেন্স ও কাউন্টার ব্যালেন্স কার্যকর থাকায় এবারের নির্বাচনে তথাকথিত ইলেকশন ইঞ্জিনিয়ারিং কার্যকর হওয়ার সুযোগ নেই এবং সামগ্রিকভাবে নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকায় নিজ বাসভবনে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নির্বাচনে কারচুপি বা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা আছে কি না—এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিগত ১৫ বছরের অভিজ্ঞতায় মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই উদ্বেগ রয়ে গেছে, কারণ এই সময়কালে নির্বাচনে ব্যাপক কারচুপি ও ইঞ্জিনিয়ারিং দেখা গেছে। তবে এবার পরিস্থিতি ভিন্ন। তার মতে, প্রশাসনিক কাঠামোর ভেতরে চেক অ্যান্ড ব্যালেন্স থাকায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং কার্যকর প্রভাব ফেলতে পারবে না।
তিনি বলেন, “সার্বিকভাবে মনে হচ্ছে এবারের নির্বাচন ভালো হবে। আমরা আশাবাদী যে বিএনপি এই নির্বাচনে ভূমিধসসম জয় পাবে।”
মাঠ প্রশাসন জামায়াতে ইসলামীর প্রভাবাধীন—এমন অভিযোগ প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, এ ধরনের বক্তব্য গণমাধ্যমে এলেও তিনি বিষয়টিকে সেভাবে দেখছেন না। তার মতে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা রাজনৈতিক মতামত রাখতেই পারেন, কিন্তু দায়িত্ব পালনের ক্ষেত্রে সবাই নিয়মের মধ্যেই কাজ করবেন।
নির্বাচনের সামগ্রিক পরিবেশ নিয়ে মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় শুরুতে সারা দেশে নানা আলোচনা ও উদ্বেগ ছিল। প্রথম দিকে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও পরে রাজনৈতিক দলগুলো সংযত হয়েছে এবং বর্তমানে পরিবেশ অনুকূল বলেই তার মনে হয়েছে।
তিনি দাবি করেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঠাকুরগাঁও সফর স্থানীয় রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে এবং দলের সাংগঠনিক অবস্থান আরও শক্ত হয়েছে।
নির্বাচনকে বিএনপির দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গত ১৫-১৬ বছর ধরে দলটি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে। তার ভাষায়, “এই নির্বাচনটি আমাদের জন্য একটি গেটওয়ে। এই গেটওয়ে পার হতে পারলে দেশ আবার গণতান্ত্রিক পরিবেশে ফিরে যাবে।”
নির্বাচনের ফলাফল যাই হোক, বিএনপি তা মেনে নেবে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, বিএনপি সব সময় নির্বাচনী ফলকে স্বাগত জানিয়েছে। ২০০৮ সালের নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন, তখন মাত্র ৩০টি আসন পেলেও দল সংসদে অংশ নিয়েছিল।
১১ দলীয় জোটের প্রচারণা প্রসঙ্গে তিনি বলেন, নতুন রাজনৈতিক শক্তির আওয়াজ শুরুতে বেশি হয় এবং জামায়াতে ইসলামীর প্রচারণা কৌশলী হলেও সেগুলো খুব একটা কার্যকর হবে না বলে তিনি মনে করেন।
সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে কোনো আশঙ্কা আছে কি না—এই প্রশ্নে মির্জা ফখরুল বলেন, কিছু উদ্বেগ থাকতেই পারে, তবে বিএনপি ও প্রশাসন সবাইকে ভোটকেন্দ্রে যেতে উৎসাহ দিচ্ছে। তিনি বলেন, “হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুসলমান—সবাই যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে পরিবেশ নিশ্চিত হবে বলেই আমরা আশাবাদী।”
সবশেষে তিনি বলেন, বিএনপি সব প্রতিদ্বন্দ্বী দলকে গুরুত্ব সহকারে নিচ্ছে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছে। তার প্রত্যাশা, এবারের নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি জনগণের রায় নিয়ে ভূমিধসসম (ল্যান্ডস্লাইড) জয় অর্জন করবে।





























