নির্বাচনের আগে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩৪ বিলিয়ন ডলার

- সর্বশেষ আপডেট ১০:২০:২১ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / 204
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছে। প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবাহ এবং কেন্দ্রীয় ব্যাংকের বাজারে ডলার ক্রয়ের কারণে রিজার্ভে এই উল্লম্ফন এসেছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সোমবার (৯ ফেব্রুয়ারি) জানান, ৯ ফেব্রুয়ারি দিন শেষে দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪.০৬ বিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম–৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২৯.৪৮ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি মাসে প্রবাসীরা দেশে ৩১৭ কোটি মার্কিন ডলার পাঠিয়েছেন। ফেব্রুয়ারির প্রথম আট দিনেই এক বিলিয়ন ডলার এসেছে। প্রবাসী আয় বৃদ্ধির ফলে ব্যাংকিং খাতে ডলারের উদ্বৃত্ত তৈরি হয়েছে। বাজারে ডলারের দর কমে যাওয়ার আশঙ্কা দেখা দিলে কেন্দ্রীয় ব্যাংক ১৯টি বাণিজ্যিক ব্যাংক থেকে মাল্টিপল প্রাইস অকশন (এমপিএ) পদ্ধতিতে ২০.৯০ কোটি ডলার কিনেছে। এক্সচেঞ্জ রেট ও কাট-অফ রেট উভয়ই নির্ধারিত ছিল ১২২ টাকা ৩০ পয়সা।
এ পর্যন্ত ২০২৫-২৬ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংক থেকে ৪৭৩ কোটি মার্কিন ডলার (৪.৭৩ বিলিয়ন ডলার) ক্রয় করেছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “বাজারে ডলারের সরবরাহ এখন চাহিদার চেয়ে বেশি। ডলারের দর অস্বাভাবিকভাবে কমে গেলে প্রবাসী আয় ও রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার কিনে ভারসাম্য রক্ষা করছে।”
তিনি আরও বলেন, বর্তমান সরকার অর্থপাচার রোধে কঠোর অবস্থান নেওয়ায় রপ্তানি আয় ও প্রবাসী আয় উভয়ই বেড়েছে। অতিরিক্ত সরবরাহ সত্ত্বেও চাহিদার তুলনায় বাজারে ভারসাম্য বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংক উদ্যোগ নিয়েছে।
২০২২ সাল থেকে ডলার বাজারে অস্থিরতা শুরু হলে রিজার্ভ থেকে বিপুল পরিমাণ ডলার বিক্রি করতে হয়েছিল। তিনটি অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক প্রায় ৩৪ বিলিয়ন ডলার বিক্রি করেছে, যদিও একই সময়ে ব্যাংক থেকে কেনা হয়েছিল মাত্র এক বিলিয়ন ডলার। বর্তমান পরিস্থিতিতে প্রবাসী আয় ও রপ্তানি প্রবাহ বৃদ্ধির কারণে রিজার্ভের উল্লম্ফন এসেছে।
বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে এই রিজার্ভের অবস্থান দেশীয় মুদ্রার স্থিতিশীলতা, রপ্তানি খাতের নিরাপত্তা এবং প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবাহের জন্য গুরুত্বপূর্ণ।


































