সম্পত্তির দাবিতে ভাইয়ের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন

- সর্বশেষ আপডেট ০২:৫১:৩৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 149
পৈত্রিক সম্পত্তিতে নিজের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার দাবিতে বড় ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক নারী। শুক্রবার রাতে কুয়াকাটা প্রেসক্লাবে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জাহানারা বেগম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এস.এ জরিপ অনুযায়ী মৌজা খতিয়ান নং–১২৬১/১-এর দাগ নং–৫২৫২সহ মোট ১৩টি দাগ এবং বি.এস জরিপে এনএ কাটন মৌজার খতিয়ান নং–২৩৬-এর দাগ নং–২০০৭ ও ২০৬৩সহ একাধিক দাগের জমি তাদের পৈত্রিক সম্পত্তি হিসেবে সরকারি নথিতে লিপিবদ্ধ রয়েছে।
জাহানারা বেগম অভিযোগ করেন, তাদের পিতা এক দশকেরও বেশি সময় আগে মারা যান। পিতার মৃত্যুর পর বড় ভাই এম.এ. মোজালেম শরীফ মৌখিকভাবে ওয়ারিশদের প্রাপ্য অংশ বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিলেও আজ পর্যন্ত কোনো বণ্টন কার্যকর হয়নি।
তিনি বলেন, বারবার অংশ বুঝিয়ে দেওয়ার অনুরোধ জানালে বড় ভাই নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যান। পরে গোপন সূত্রে তারা জানতে পারেন, তাদের অজান্তেই বড় ভাই ও অন্য ভাইয়েরা যৌথ সম্পত্তির দখল নিয়ে সেখানে ঘর নির্মাণ শুরু করেছেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, জমিতে দখল ঠেকাতে গেলে গত ৩ ফেব্রুয়ারি উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এর পর ৫ ফেব্রুয়ারি তারা মহিপুর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, ওই সময় বড় ভাই পুলিশ ডেকে এনে তাদের হয়রানি করার চেষ্টা করেন।
জাহানারা বেগম জানান, পুলিশ উভয় পক্ষকে থানায় হাজির হয়ে প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের নির্দেশ দেয়। নির্ধারিত সময়ে তারা থানায় উপস্থিত হলেও বড় ভাই সে সময় থানায় না গিয়ে কুয়াকাটা প্রেসক্লাবে আলাদা সংবাদ সম্মেলন করেন এবং পরে থানায় যান।
মহিপুর থানার ওসি উভয় পক্ষের দলিলপত্র যাচাই করে নির্বাচনসংক্রান্ত ব্যস্ততার কথা উল্লেখ করে আগামী ১৫ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন। একই সঙ্গে কাউকে আইন নিজের হাতে না নেওয়ার নির্দেশ দেন তিনি।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, পরবর্তীতে বড় ভাই সামাজিক যোগাযোগমাধ্যম ও সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কুয়াকাটা পৌরসভার এক জামায়াত নেতার সম্পৃক্ততার কথা তুলে ধরে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন।
এ বিষয়ে জাহানারা বেগম বলেন, যাকে রাজনৈতিকভাবে জড়ানোর চেষ্টা করা হচ্ছে তিনি তাদের পরিবারের সদস্য এবং তার আপন ভাগিনা। উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিষয়টিকে রাজনৈতিক রং দিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে বলে তিনি দাবি করেন।
তিনি পুরো ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে পৈত্রিক ওয়ারিশী সম্পত্তির ন্যায়সংগত ও আইনানুগ নিষ্পত্তির জোর দাবি জানান।































