দ্য ডিপ্লোম্যাটের পূর্বাভাস
তারেক রহমান সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী

- সর্বশেষ আপডেট ০৮:২৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 197
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ডিপ্লোম্যাট’ বাংলাদেশের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আখ্যায়িত করেছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, একাধিক জনমত জরিপে এবং নির্বাচনী সমীক্ষায় তারেক রহমানকে প্রধান প্রার্থী হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নির্বাচনের আগে পরিচালিত জরিপে দেখা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সমর্থন প্রায় ৭০ শতাংশ, আর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর সমর্থন ১৯ শতাংশ। অন্য একটি জরিপে ৪৭ শতাংশ ভোটার তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখেছেন, ২২.৫ শতাংশ দেখেছেন ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন। ‘দ্য ডিপ্লোম্যাট’ মন্তব্য করেছে, এবারের নির্বাচনে জেন জেড ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেন জেড ভোটারদের সঙ্গে যুক্ত থাকার প্রসঙ্গ উল্লেখ করে তারেক রহমান বলেন, তিনি কর্মসংস্থান, কারিগরি শিক্ষা, খেলাধুলা, আইটি খাত ও শ্রমবাজারকে অগ্রাধিকার দিচ্ছেন। তিনি বলেন, “আমি মনে করি, এগুলো জেন জেডের সঙ্গে দৃঢ়ভাবে সঙ্গতিপূর্ণ। আমাদের ‘দ্য প্ল্যান’ কর্মসূচির মাধ্যমে আমরা তাদের চিন্তা, উদ্বেগ ও ধারণা শুনি এবং তাদের সঙ্গে যুক্ত হই।”
পররাষ্ট্রনীতি ও জাতীয় স্বার্থ নিয়ে তার বক্তব্য ছিল স্পষ্ট: “আমাদের পররাষ্ট্রনীতি হবে ‘বাংলাদেশ ফার্স্ট’। আমরা যে দেশগুলোর সঙ্গেই সম্পৃক্ত হই না কেন, আমাদের জাতীয় স্বার্থ সবার আগে। পারস্পরিক আস্থা, সম্মান ও লাভের ওপর ভিত্তি করে আমরা সম্পর্ক স্থাপন করব।”
অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করা কঠিন কিন্তু অসম্ভব নয়। তিনি বলেন, “২০ কোটি মানুষের মধ্যে ৫ কোটির কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা ঠিক করতে হবে। ব্যবসা বিকাশে সহায়তা করতে হবে।” তারেক রহমানের মতে, দেশে বর্তমানে অর্থনীতি মূলত পোশাকশিল্প ও প্রবাসী আয় থেকে পরিচালিত হচ্ছে। তিনি আইটি খাত, সেমিকন্ডাক্টর শিল্প, লাইট ইঞ্জিনিয়ারিং, জুতা শিল্প ও ক্ষুদ্র-মাঝারি শিল্পের ওপর জোর দেবেন।
দুর্নীতি, ঋণখেলাপি ও অর্থপাচারের চ্যালেঞ্জ মোকাবিলা প্রসঙ্গে তিনি বলেন, “শক্তিশালী আর্থিক শাসন ব্যবস্থা গড়ে তুললেই সমস্যা সমাধান সম্ভব। আমাদের অঙ্গীকার স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তোলা, যেখানে ক্ষমতার অপব্যবহারকারীরা বিচারের আওতায় আসবে।”
আইনশৃঙ্খলা ও জনসুরক্ষার বিষয়েও তিনি নিশ্চিত করেছেন, “আমরা চাই নাগরিকরা নিরাপদে ঘরে ফিরতে পারুক। অর্থনীতির চাকা সচল থাকবে।” জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তারেক বলেন, “আমরা শুরু করব এবং দায়িত্বশীলভাবে সম্পদ ব্যবস্থাপনা করব। খাল খনন, বৃক্ষরোপণ ও গ্লোবাল ক্লাইমেট ফান্ড থেকে অর্থ সংগ্রহে অগ্রাধিকার দেব।”
তার ৩১ দফা নির্বাচনী কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকারকে জনগণের স্বার্থ ও আকাঙ্ক্ষার সঙ্গে যুক্ত রেখে তিনি বলেন, “আমরা জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা করব। সমাজে ইতিবাচক পরিবর্তন আনব। এটাই দেশের মানুষের প্রতি আমার অঙ্গীকার।”
































