যশোরে গাঁজাসহ আটক ১

- সর্বশেষ আপডেট ০৭:৩৭:১৩ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 116
যশোর সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে দুই কেজি গাঁজাসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানের সময় তার ছেলে পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ওই এলাকার বাসিন্দা তোরাপ আলীর স্ত্রী শাহানারা বেগম (৪৯)কে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর ‘ক’ সার্কেলের উপপরিদর্শক রাফিজা খাতুন জানান, অভিযানের খবর আগেই পেয়ে শাহানারা বেগমের ছেলে নাঈম হোসেন (২৭) পালিয়ে যায়। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে ঘরের ভেতর থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার করা গাঁজাসহ আটক শাহানারা বেগমকে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পলাতক নাঈম হোসেনসহ মা-ছেলের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।



































