ভারত ম্যাচ বয়কটে বিলিয়ন ডলারের ঝুঁকি, পাকিস্তানকে রাজি করাতে আইসিসি সক্রিয়

- সর্বশেষ আপডেট ০৬:৩৪:৩০ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 96
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণায় কয়েক বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির আশঙ্কায় নড়েচড়ে বসেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টুর্নামেন্টের সবচেয়ে লাভজনক ম্যাচটি ভেস্তে যাওয়ার শঙ্কায় পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনায় আনতে এখন কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে সংস্থাটি।
ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ না খেললে ভারতীয় সম্প্রচার সংস্থা, স্পনসর ও টুর্নামেন্ট আয় কাঠামো বড় ধরনের ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ক্ষতি এড়াতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজাকে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ইমরান খাজাকে তুলনামূলক নিরপেক্ষ ব্যক্তি হিসেবে দেখা হয়। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় অনুষ্ঠেয় ভারত–পাকিস্তান গ্রুপ ম্যাচটি নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য।
ফার্স্টপোস্ট জানিয়েছে, আইসিসির ভেতরে এখন এই ম্যাচকে ঘিরেই সবচেয়ে বেশি উদ্বেগ কাজ করছে, কারণ এটি টুর্নামেন্টের বাণিজ্যিক সাফল্যের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত।
এর আগে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছিল, আইসিসির কিছু সিদ্ধান্তের প্রতিবাদে এবং বাংলাদেশকে সমর্থন জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। সরকারি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ক্ষেত্রে আইসিসির পক্ষপাতদুষ্ট ভূমিকা এই সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে।
সূত্রগুলোর দাবি, ভারতের বিপক্ষে মাঠে না নামা ছিল পাকিস্তানের পক্ষ থেকে একটি রাজনৈতিক ও কূটনৈতিক প্রতিবাদের প্রকাশ। একই সঙ্গে তারা অভিযোগ করে, আইসিসি চেয়ারম্যান জয় শাহর নেতৃত্বে সংস্থাটি কার্যত ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রভাবাধীন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
পাকিস্তানের মতে, এতে আইসিসির ন্যায্যতা ও সমতার নীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ভিন্ন ভিন্ন দেশের ক্ষেত্রে ভিন্ন মানদণ্ড প্রয়োগ করা হচ্ছে।
বয়কট ঘোষণার পর আইসিসি এক বিবৃতিতে পিসিবির সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর আশা প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, পাকিস্তান সরকারের সিদ্ধান্তের অধিকার স্বীকার করা হলেও এই বয়কট ক্রিকেটের সামগ্রিক স্বার্থ ও বৈশ্বিক সমর্থকদের জন্য ক্ষতিকর।
আইসিসির মতে, এমন সিদ্ধান্ত বিশ্বব্যাপী ক্রিকেটের ভাবমূর্তি এবং পাকিস্তানসহ কোটি কোটি দর্শকের স্বার্থের পরিপন্থী।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান রয়েছে গ্রুপ ‘এ’-তে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র। গ্রুপপর্বে পাকিস্তানের সব ম্যাচই অনুষ্ঠিত হওয়ার কথা শ্রীলঙ্কায়।
পাকিস্তানের নির্ধারিত সূচি অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডস, ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র, ১৫ ফেব্রুয়ারি ভারত এবং ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার বিপক্ষে ম্যাচ রয়েছে। এর মধ্যে ভারত ম্যাচটি এখনো অনিশ্চিত।
ভারত–পাকিস্তান ম্যাচকে টুর্নামেন্টের সবচেয়ে লাভজনক ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ইভেন্ট হিসেবে বিবেচনা করা হয়। বিশ্লেষকদের মতে, একটি টি-টোয়েন্টি ভারত–পাকিস্তান ম্যাচের মোট বাণিজ্যিক মূল্য প্রায় ৫০ কোটি ডলার, যার মধ্যে সম্প্রচারস্বত্ব, বিজ্ঞাপন, স্পনসরশিপ ও টিকিট বিক্রি অন্তর্ভুক্ত।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ১০ সেকেন্ডের একটি বিজ্ঞাপন স্পটের দাম ২৫ থেকে ৪০ লাখ রুপি পর্যন্ত নির্ধারিত ছিল। শুধু এই ম্যাচ থেকেই বিজ্ঞাপন আয় ধরা হয়েছিল প্রায় ৩০০ কোটি রুপি।
এই প্রেক্ষাপটে, ম্যাচটি বাতিল হলে বিসিসিআইয়ের তাৎক্ষণিক ক্ষতি প্রায় ২০০ কোটি রুপিতে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে টুর্নামেন্টের অফিসিয়াল সম্প্রচারস্বত্বধারী ও প্রধান স্পনসররা।
সব মিলিয়ে, ক্রিকেটের মাঠের বাইরে এখন চলছে কূটনৈতিক ও আর্থিক টানাপোড়েন। এই সংকট কীভাবে সমাধান হয়, তার ওপর নির্ভর করছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ম্যাচটির ভবিষ্যৎ।




































