বরিশালে তারেক রহমান
“গুপ্তরা নতুন জালেম”

- সর্বশেষ আপডেট ০৩:৪৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 132
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কিছু গুপ্ত পরিচয়ের ব্যক্তিরা দেশের মানুষের কাছে নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে। যারা নারীদের সম্মান করে না, তাদের থেকে জনগণ আশা করতে পারে না আত্মমর্যাদার সম্মান।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে নির্বাচনি সমাবেশে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ তাদের জবাবদিহিত সরকার নির্বাচন করবে। তবে ৫ আগস্টের পর থেকে দেখা গেছে, স্বৈরাচারী আচরণ এখনও বিরাম পায়নি। কিছু গুপ্ত দলের নেতারা প্রকাশ্যে নারীদের কলঙ্কিত শব্দ ব্যবহার করেছেন এবং জনগণকে তুচ্ছতাচ্ছিল্য করছেন। তিনি সতর্ক করেছেন, জনগণ তাদের যথাযথ শিক্ষা দেবে।
তিনি বলেন, এই গুপ্তরা অতীতের স্বৈরাচারী সরকারের সঙ্গে সমঝোতায় ছিল। ১৯৭১, ১৯৮৬, ১৯৯৬ এবং বিগত ১৫ বছর এই দলটি ক্ষমতায় থেকেছে। নির্বাচিত হলে দেশের জনগণকে দুর্বিষহ জীবন ভোগ করতে হবে বলে আশঙ্কা প্রকাশ করেন।
বরিশালের নদী ভাঙনকে বড় সমস্যা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সঠিক বেড়িবাঁধ নির্মাণ প্রয়োজন। বিএনপি ক্ষমতায় এলে পূর্বে শুরু হওয়া কাজগুলো সম্পন্ন এবং নতুন উদ্যোগ গ্রহণ করবে।
তারেক রহমান নারী-পুরুষের সমান সহযোগিতা ও অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নারীদের ঘরে বন্দী রেখে দেশ গড়া সম্ভব নয়। জনগণের সঠিক অংশগ্রহণ ও ঐক্য ছাড়া প্রত্যাশিত উন্নয়ন সম্ভব হবে না।
এর আগে দুই দশক পর বরিশালে আগমন করেন বিএনপি চেয়ারম্যান। দুপুর পৌনে ১২টার দিকে হেলিকপ্টার অবতরণ করে স্টেডিয়ামে পৌঁছান। গাড়ি বহরের সঙ্গে বেলস পার্ক মাঠে যান, যেখানে নেতাকর্মীরা করতালি ও স্লোগানে তাকে স্বাগত জানান। জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয় কোরআন তেলাওয়াত ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে। শুরুতে বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লা আমান, এরপর বরিশাল বিভাগের জেলা নেতারা তাদের বক্তব্য উপস্থাপন করেন।































