দীঘিনালায় পোস্টাল ভোটে অনিয়মের অভিযোগ

- সর্বশেষ আপডেট ০২:৫২:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 203
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে দীঘিনালায় পোস্টাল ভোট গ্রহণে অনিয়ম ও বাঁধার অভিযোগ তুলে উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন তিন প্রার্থীর প্রতিনিধিরা। বুধবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে এ স্মারকলিপি প্রদান করা হয়।
২৯৮ নং সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ানের পক্ষে স্মারকলিপি দেন প্রবীণ জ্যোতি দেওয়ান। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে স্মারকলিপি দেন প্রমোদ মুৎসুদী। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের পক্ষে স্মারকলিপি প্রদান করেন আনোয়ার হোসেন।
স্মারকলিপি প্রদানকালে নেতারা অভিযোগ করেন, নির্বাচনী এলাকায় জোরপূর্বক পোস্টাল ব্যালট পেপার ছিনিয়ে নেওয়া হচ্ছে। তারা বলেন, যারা এ ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় না আনা হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
২৯৮ নং আসনের ১১ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরীর সমর্থকরা বলেন, ভোট গ্রহণের নির্ধারিত তারিখ ১২ ফেব্রুয়ারি হলেও এখন থেকেই দীঘিনালায় পোস্টাল ব্যালট ছিনিয়ে নেওয়া ও জোরপূর্বক ভোটগ্রহণের চেষ্টা চালানো হচ্ছে। তারা এসব ঘটনার তীব্র নিন্দা জানান এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতের দাবি জানান।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা অভিযোগ করেন, একটি মহল আওয়ামী লীগের মতো আচরণ করে সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করছে। তারা প্রশাসনের কাছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ভোটগ্রহণের ব্যবস্থা নিশ্চিত করার জন্য অনুরোধ জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিম পারভেজ জানান, অভিযোগ পেয়েছেন এবং তার ভিত্তিতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
স্মারকলিপি প্রদান শেষে নেতারা আশা প্রকাশ করেন, প্রশাসনের কার্যকর উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ নির্বিঘ্নে ও স্বাধীনভাবে তাদের প্রার্থীকে ভোট দিতে পারবে।































