ছাত্র সংসদ নির্বাচন স্থগিত অগণতান্ত্রিক: ঢাকসু ভিপি
- সর্বশেষ আপডেট ০৯:০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
- / 86
জাতীয় নির্বাচনের আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন পেছানোর সিদ্ধান্তকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, নিরাপত্তার অজুহাতে এই ভোট বন্ধ করা সাধারণ শিক্ষার্থীরা মেনে নেবে না।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ডাকসু প্রতিনিধিদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সাদিক কায়েম বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ছাত্র সংসদ নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু একটি নির্দিষ্ট মহল এই নির্বাচন ঠেকাতে চাইছে বলেই স্থগিতের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জাতীয় নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে এমন সিদ্ধান্ত অযৌক্তিক বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, এই প্রক্রিয়ার সঙ্গে প্রায় চার কোটি তরুণ ভোটার ও শিক্ষার্থী সম্পৃক্ত। নির্বাচন কমিশন এমন কোনো সিদ্ধান্ত নেবে না, যাতে তরুণ সমাজের মধ্যে ইসির প্রতি আস্থার সংকট তৈরি হয়—এমন আশ্বাস তারা পেয়েছেন। সঠিক সময়েই ভোট আয়োজনের দাবি পুনর্ব্যক্ত করেন তিনি।
শিক্ষার্থীদের প্রতিনিধিত্বের গুরুত্ব তুলে ধরে ডাকসু ভিপি বলেন, নির্বাচিত ছাত্র প্রতিনিধিরাই শিক্ষার্থীদের কণ্ঠস্বর। ছাত্র সংসদের মাধ্যমেই বোঝা যাবে তরুণরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ চায়।
আসন্ন গণভোট প্রসঙ্গে সাদিক কায়েম জানান, শিক্ষার্থীরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাবে। তার ভাষ্য অনুযায়ী, যারা ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিচ্ছে, তারা অতীতের দমনমূলক রাজনীতিকে টিকিয়ে রাখতে চায়।
তিনি আরও বলেন, ‘না’ ভোটের প্রচারণাকারীদের বিষয়ে শিক্ষার্থীরা সচেতন থাকবে এবং জনগণই তাদের জবাব দেবে। দেশের স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
































