আইপিএল ইস্যু ভারতের সঙ্গে বাণিজ্যে প্রভাব পড়বে না: বাণিজ্য উপদেষ্টা
- সর্বশেষ আপডেট ০৬:৫৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / 153
আইপিএল সংক্রান্ত ইস্যুতে ভারত ও বাংলাদেশের বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব তৈরি হবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি জানিয়েছেন, দুই দেশের বাণিজ্য কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে এবং সরকার উদার বাণিজ্যের নীতিতে বিশ্বাসী।
রোববার (১১ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে নতুন আমদানি নীতি আদেশ সংক্রান্ত বৈঠকের পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন।
উপদেষ্টা জানান, “পৃথিবীর সব দেশের সঙ্গে আমাদের উদার বাণিজ্য প্রক্রিয়া চলছে। অভ্যন্তরীণ বাণিজ্য বাধাগ্রস্ত না হওয়া পর্যন্ত আমরা কোনো দেশভিত্তিক নেতিবাচক সিদ্ধান্ত নিই না।”
ভারতের সঙ্গে নেওয়া বিভিন্ন বাণিজ্যিক পদক্ষেপের প্রভাব আছে কি না তা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে তিনি জানান।
রপ্তানি বাণিজ্যে কিছুটা ধীরগতি থাকায় শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্যিক চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এছাড়া আসন্ন রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখার জন্য আগামী ১৯ জানুয়ারি সচিবালয়ে সংশ্লিষ্ট পক্ষদের সঙ্গে বৈঠক আয়োজন করা হবে।
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, দৈনন্দিন ঘটনার কারণে দ্বিপাক্ষিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ে না। তবে গত মে মাসে ভারত কিছু স্থলবন্দর বন্ধ করে বাংলাদেশের আমদানি গ্রহণ বন্ধ করায় রপ্তানি কিছুটা কমেছে, যদিও বাংলাদেশ তার বিপরীতে কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করেনি।

































