রাতের আঁধারে উরফির বাড়িতে হানা, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

- সর্বশেষ আপডেট ০৭:০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / 302
মধ্যরাতে ভীতিকর পরিস্থিতির মুখে পড়েছেন অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া সেনসেশন উরফি জাভেদ। রাত আনুমানিক ৩টার দিকে তাঁর বাসার দরজায় কয়েকজন অজ্ঞাত ব্যক্তি টানা প্রায় ১০ মিনিট ধরে বেল বাজিয়ে দরজা খুলতে বলেন। হঠাৎ এমন ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন তিনি।
এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে উরফি জানান, গভীর রাতে কেউ দীর্ঘ সময় ধরে দরজার বেল বাজাতে থাকায় তিনি পরিস্থিতি বুঝতে দরজার কাছে যান। তখন দেখতে পান, একজন ব্যক্তি সরাসরি দরজা খুলতে বলছেন এবং পাশের এক কোণায় আরও একজন লোক দাঁড়িয়ে আছেন।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে উরফি বলেন, গভীর রাতে কোনো নারীর বাড়ির বাইরে এসে দরজা খুলতে বলা অত্যন্ত ভীতিকর অভিজ্ঞতা। বিশেষ করে একজন নারী যখন একা থাকেন, তখন এমন পরিস্থিতি মানসিকভাবে আরও বেশি আতঙ্ক তৈরি করে।
পরবর্তীতে তিনি বিষয়টি জানিয়ে পুলিশে ফোন করেন। তবে উরফির অভিযোগ, ওই অজ্ঞাত ব্যক্তিরা পুলিশ ও তাঁর সঙ্গে দুর্ব্যবহার করে। তাদের আচরণ ছিল রূঢ় ও অভদ্র। এমনকি তারা পুরো ঘটনার দায় অস্বীকার করে সেখান থেকে চলে যেতে বলেন।
ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে উরফি জানান, তিনি জানতে চান এই ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই উরফি জাভেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।





































