রাশেদ খাঁনের আহ্বান
‘গাদ্দার উপদেষ্টাদের’ নাম প্রকাশ করুন নাহিদ ইসলাম
- সর্বশেষ আপডেট ০৪:৪৫:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / 135
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, আসন্ন নির্বাচনের পেছনে চলমান ষড়যন্ত্রে কিছু উপদেষ্টার ভূমিকা থাকতে পারে। তাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে ‘গাদ্দার’ উপদেষ্টাদের নাম প্রকাশ করতে হবে।
সোমবার (৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে নাগরিক যুব ঐক্য আয়োজিত ‘গুণমানসম্পন্ন ও গ্রহণযোগ্য নির্বাচনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, ‘যেদিন এনজিও উপদেষ্টারা শপথ নিয়েছেন, সেদিনই গণঅভ্যুত্থান ব্যর্থ হওয়ার ভিত্তি তৈরি হয়েছে। এটা ব্যর্থ হতে দেওয়া যাবে না। যদি নির্বাচন বানচালের মাধ্যমে এই আন্দোলন ব্যর্থ হয়, তাহলে তার দায় নাহিদ ইসলামকেও নিতে হবে।’
তিনি আরও বলেন, সংসদের উচ্চকক্ষে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ব্যবস্থা চালুর পক্ষে মত দিলেও নিম্নকক্ষে এটি বাস্তবসম্মত নয়। কারণ, ‘নিম্নকক্ষে পিআর চালু হলে সকাল-বিকেল সংসদ সদস্য কেনাবেচা হবে।’
এর আগে এক বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, উপদেষ্টা পরিষদের কয়েকজন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং নিরাপদ প্রস্থানের চিন্তায় রয়েছেন।
































