আবারও লতিফ সিদ্দিকীর জামিন আবেদন নাকচ
- সর্বশেষ আপডেট ০৫:৫২:২১ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / 102
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর জামিন আবেদন আবারও নাকচ করেছেন আদালত। সিএমএম আদালতের পর এবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতেও তার আবেদন নামঞ্জুর হয়।
রোববার (৫ অক্টোবর) পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফারজানা ইয়াসমিন শুনানি শেষে এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী তাহমিনা তাহেরিন মুন জামিনের জন্য আবেদন করেছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত আবেদন নামঞ্জুর করেন।
এর আগে গত ২৯ আগস্ট একই মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, হাফিজুর রহমান (কার্জন) ও মো. আব্দুল্লাহ আল আমিনসহ মোট ১৬ জনকে কারাগারে পাঠানো হয়।
মামলার অন্য আসামিরা হলেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, কাজী এ টি এম আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা, মো. মহিউল ইসলাম ওরফে বাবু, মো. জাকির হোসেন, মো. তৌছিফুল বারী খান, মো. আমির হোসেন সুমন, মো. আল আমিন, মো. নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, মো. শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মোহাম্মদ আলী এবং মো. আব্দুল্লাহীল কাইয়ুম।
































