চবিতে গ্রামবাসীর সাথে ফের সংঘর্ষ: অন্তত ১০ শিক্ষার্থী আহত

- সর্বশেষ আপডেট ০৫:২৬:১০ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
- / 125
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুর ১২টার দিকে ক্যাম্পাসের ২ নম্বর গেট-সংলগ্ন জোবরা গ্রামে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিনসহ অন্তত ১০ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা এক প্রান্তে অবস্থান নেন। বিপরীতে ছিলেন স্থানীয় বাসিন্দারা। দুই পক্ষ পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে। সহ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান, মো. কামাল উদ্দিন, প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফসহ অন্যান্য শিক্ষকেরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। আহত শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনের মাথা থেকে রক্ত ঝরছিল।
ঘটনার সূত্রপাত ঘটে শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে ভোর ৪টার মধ্যে। বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষ ঘটে। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে এ পরিস্থিতি সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা জানান, ২ নম্বর গেটের কাছে ভাড়া থাকা এক ছাত্রী শনিবার রাতে ভবনে প্রবেশের চেষ্টা করলে ভবনের দারোয়ানের সঙ্গে তার তর্ক হয়। পরে দারোয়ান তাকে মারধর করলে শিক্ষার্থীরা তাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে তিনি পালানোর চেষ্টা করেন। এর পর স্থানীয়রা শিক্ষার্থীদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন এবং মাইকে ডাক দিয়ে আরও লোক জড়ো করেন। স্থানীয়দের দাবি, শিক্ষার্থীরা তুচ্ছ ঘটনায় তাদের ওপর হামলা করেছে এবং ঘরবাড়ি ভাঙচুর করেছে।
গত সংঘর্ষে অন্তত ৭০ শিক্ষার্থী আহত হয়েছিল। রাত সাড়ে ৩টার দিকে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রবিবারের সংঘর্ষে আহত অন্তত ১০ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চবি প্রশাসন ও নিরাপত্তা কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে অবস্থান করছেন এবং শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের শান্তিপূর্ণ সমঝোতার চেষ্টা চলছে।



































