৭৫ দেশের ২৫০ সিনেমা নিয়ে ঢাকায় উৎসব

- সর্বশেষ আপডেট ১২:৫৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / 127
আগামী ১০ জানুয়ারি থেকে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর বসতে যাচ্ছে। চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ এই প্রতিপাদ্য নিয়ে রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে হবে এই উৎসব।
বিষয়টি নিশ্চিত করেছেন উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল। তিনি আরও জানান, এবারের উৎসবে ৭৫টি দেশের পূর্ণ ও স্বল্প দৈর্ঘ্যের ২৫০টি সিনেমা দেখানো হবে। এর মধ্যে বাংলাদেশের সিনেমা থাকছে ৬৭টি।
এবারের মূল প্রতিযোগিতা বিভাগ ‘বাংলাদেশ প্যানোরমা’য় নির্বাচিত হয়েছে মোট আটটি সিনেমা। এর মধ্যে রয়েছে হাবিবুর ইসলাম হাবিবের ‘যাপিত জীবন’, সোহেল রানা বয়াতির ‘নয়া মানুষ’, জ্যাক মিরের ‘দ্য স্টোরি অব আ রক’, জোবাইদুর রহমানের ‘উড়াল’, বিপ্লব কুমার পাল বিপুর ‘ধামের গান’, অনন্য প্রতীক চৌধুরীর ‘নয়া নোট’, সুমন ধরের ‘আগন্তুক’ ও আহমেদ হাসান সানির ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’।
উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল বলেন, ‘উৎসবের প্রস্তুতি জোর কদমে চলছে। সিনেমা নির্বাচন, শিডিউল তৈরি করা, সব কাজ আমরা গুছিয়ে এনেছি।’
‘বাংলাদেশ প্যানোরমা’সহ এবারও উৎসবে থাকছে ১০টি বিভাগ। তা হলো এশিয়ান সিনেমা সেকশন, রেট্রোস্পেক্টিভ, ট্রিবিউট, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্মস, উইমেন ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্মস ও স্পিরিচুয়াল ফিল্মস।
তিনটি ভেন্যুতে হবে এবারের উৎসব। সেগুলো হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর মিলনায়তন ও আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন।





































