৬ মাসেই কি বদলে যাবে ভূমি খাত?

- সর্বশেষ আপডেট ০৪:৩৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 245
আগামী ছয় মাসের মধ্যে ভূমি খাতে দৃশ্যমান পরিবর্তন আনার আশ্বাস দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, ভূমি সেবা নিয়ে মানুষের মনে যে সন্দেহ ও অবিশ্বাস রয়েছে, তা দূর করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।
মঙ্গলবার সকাল ১১টায় তেজগাঁওয়ে ভূমি ভবনে অবস্থিত সিটিজেন কেয়ার সেন্টার ও কল সেন্টার (১৬১২২) পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত ছিলেন।
ভূমিমন্ত্রী বলেন, কল সেন্টারের কার্যক্রম আরও ব্যাপকভাবে প্রচার করতে হবে, যাতে প্রান্তিক জনগোষ্ঠী ভূমিসেবা থেকে বঞ্চিত না হয়। বর্তমানে যেখানে প্রতিদিন ২০০ থেকে ৩০০ জন সেবা পাচ্ছেন, সেখানে সেবার পরিধি বাড়িয়ে প্রতিদিন কমপক্ষে দুই হাজার মানুষকে সেবা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সেবাখাতে ঘুষ ও দুর্নীতি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। কোনো অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি পুনরায় উল্লেখ করেন, ছয় মাসের মধ্যেই জনগণ ভূমি খাতে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন।
প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে মন্ত্রণালয় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। অতীতে ভূমি খাতের দুর্নীতি দেশ-বিদেশে সমালোচিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কৃষক পরিবারের উত্তরসূরি হিসেবে জনগণের আস্থা ফিরিয়ে আনাই তাঁদের অঙ্গীকার।
তিনি আরও বলেন, ভূমি সংক্রান্ত অভিযোগ, আপত্তি ও আপিল নিষ্পত্তির সময় কমাতে অংশীজনদের সঙ্গে আলোচনা করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতির মাধ্যমে মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে এবং আপত্তি-আপিল নিষ্পত্তিতে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হবে।
পরিদর্শন শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রী সেবা আধুনিকায়নে বিভিন্ন নির্দেশনা দেন। পরে ভূমি ভবনের সভাকক্ষে সিনিয়র সচিব এ এস এস সালেহ আহমেদের সভাপতিত্বে ১৬৩তম প্রকল্প পরিচালক (পিডি) সভা অনুষ্ঠিত হয়। সভায় চলমান প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং ভূমিসেবা সহায়তা কেন্দ্র ও ভূমি অ্যাপকে আরও জনবান্ধব করার তাগিদ দেওয়া হয়।































