৫ বছরে ২৫ কোটি গাছ লাগাবে সরকার
- সর্বশেষ আপডেট ০৬:৪৮:০৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- / 19
আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ রোপণ ও সংরক্ষণের মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এ কর্মসূচিতে স্যাটেলাইট, জিআইএস, রিমোট সেন্সিং, ড্রোন প্রযুক্তি এবং জাতীয় ট্রি ডাটাবেজ ব্যবহার করে প্রতিটি গাছ পর্যবেক্ষণ করা হবে।
বুধবার (৮ জুলাই) সচিবালয়ে বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ মেলা-২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
তিনি জানান, এ কর্মসূচির মাধ্যমে প্রায় সাড়ে তিন লাখ সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং ১০ হাজার নতুন নার্সারি উদ্যোক্তা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। আগামী ৯ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করবেন।
এবারের প্রতিপাদ্য ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’। রাজধানীতে মাসব্যাপী এবং বিভাগ, জেলা ও উপজেলায় বিভিন্ন মেয়াদে বৃক্ষমেলা অনুষ্ঠিত হবে। ঢাকার মেলায় থাকবে ১২০টি স্টল।
মন্ত্রী জানান, চলতি বছর বন অধিদপ্তর সড়ক, খাল, বাঁধ, উপকূল ও বৃক্ষহীন এলাকায় ১ কোটি ৫০ লাখ দেশীয় প্রজাতির চারা রোপণ করছে। একই সঙ্গে দখলমুক্ত ৪ হাজার ৮০০ হেক্টর বনভূমিতে নতুন বনায়ন করা হচ্ছে। ইতোমধ্যে ৮৩ লাখ ৩২ হাজার চারা রোপণ সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, জানুয়ারি থেকে জুন পর্যন্ত পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ৫২৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ২৩ কোটি ৩৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া চার মাসে ২২০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪৮৬টি মামলা, ৪ কোটি ৩১ লাখ টাকার জরিমানা, ৭৩টি ইটভাটার চিমনি ভাঙা এবং ৪৯টি অবৈধ ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
একই সময়ে ৫৮১ একরের বেশি বনভূমি উদ্ধার, সুন্দরবনসংলগ্ন এলাকায় ৩৪ কিলোমিটার পরিবেশবান্ধব রশির বেষ্টনী নির্মাণ এবং ৩৫টি অভিযানে ৫৫৭টি বন্য প্রাণী উদ্ধার করা হয়েছে। সচিবালয়ে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কমাতে মনিটরিং জোরদার এবং ‘লিড-ফ্রি বাংলাদেশ’ কৌশলপত্রও চূড়ান্ত করা হয়েছে।
মন্ত্রী বলেন, বৃক্ষরোপণ শুধু আনুষ্ঠানিক কর্মসূচি নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার অঙ্গীকার। প্রত্যেককে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার আহ্বান জানান তিনি।
































