৫ আগস্টের পরের মামলা আবার পর্যালোচনা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

- সর্বশেষ আপডেট ০৮:৪৪:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 274
অভ্যুত্থানের পর দায়ের হওয়া মামলা ও দেওয়া অস্ত্রের লাইসেন্স নতুন করে যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হন এবং আইনশৃঙ্খলায় স্বচ্ছতা থাকে—এ কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশকে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর যেসব মামলা হয়েছে, সেগুলো পুনরায় যাচাই-বাছাই করা হবে। কিছু ক্ষেত্রে সুযোগ নিয়ে নিরীহ মানুষ, এমনকি বড় ব্যবসায়ী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদেরও আসামি করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এসব মামলা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং পুলিশ এ বিষয়ে প্রতিবেদন দেবে।
এ ছাড়া ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেওয়া অস্ত্রের লাইসেন্সও পরীক্ষা করা হবে। যথাযথ নিয়ম মেনে লাইসেন্স দেওয়া হয়েছিল কি না এবং প্রাপকেরা যোগ্য ছিলেন কি না—তা দেখা হবে। যোগ্যদের লাইসেন্স বহাল থাকবে, আর রাজনৈতিক বা অপরাধের উদ্দেশ্যে দেওয়া লাইসেন্স বাতিল করা হবে।
পুলিশের কাজে কোনো ধরনের হস্তক্ষেপ সহ্য করা হবে না বলেও সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে পুলিশের কাজেও স্বচ্ছতা রাখতে এবং হয়রানির অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

































