৪৩ হাজার ভোটকেন্দ্রে গোয়েন্দা নজরদারির ব্যবস্থা

- সর্বশেষ আপডেট ০৮:৩৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 104
আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশের প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রে গোয়েন্দা নজরদারি থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, এবারের নির্বাচনে প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থায় দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।
রবিবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, শুধু প্রকাশ্য নিরাপত্তাই নয়, ভোটকেন্দ্রের প্রতিটিতে প্রযুক্তিগত সহায়তা এবং গোয়েন্দা নজরদারি কার্যকর করা হবে।
এ ছাড়া অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় এবার অনেক বেশি সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন থাকবে।
শফিকুল আলম বলেন, “মূল লক্ষ্য হলো যেকোনো পরিস্থিতিতে দ্রুত রেসপন্স করা এবং ভোটারদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।” তিনি আশাবাদ ব্যক্ত করেন, দেশের মানুষ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এবারের নির্বাচন গ্রহণযোগ্য ও সুষ্ঠু হবে।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের পুলিশ ও প্রশাসন প্রধান, রেঞ্জ ডিআইজি, জেলাপ্রশাসক, আঞ্চলিক নির্বাচন অফিসার, জেলা ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা, পাশাপাশি সশস্ত্র বাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বাংলাদেশ বর্ডার গার্ড ও আনসার-ভিডিপির কর্মকর্তারা।































