শপথ স্থগিতের উদ্যোগ
৩০ আসনের ফল পুনর্গণনা চেয়ে জামায়াতের আবেদন

- সর্বশেষ আপডেট ০৭:০৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 193
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০টি আসনের ফলাফল পুনর্গণনার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে এসব আসনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ স্থগিত রাখতে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে দলটি।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, সংশ্লিষ্ট আসনগুলোতে তাদের প্রার্থীদের সঙ্গে বিজয়ী ঘোষিত প্রার্থীদের ভোটের ব্যবধান খুব কম ছিল, সর্বোচ্চ প্রায় ১০ হাজার ভোট।
ভোট গণনার সময় তারা জয়ের ইঙ্গিত পেলেও শেষ পর্যন্ত ফল ভিন্ন হয়েছে বলে দাবি করেন তিনি। পুনর্গণনা হলে ফলাফল পাল্টাবে বলে দলের আশা।
যেসব আসনে পুনর্গণনার আবেদন জানানো হয়েছে সেগুলো হলো—পঞ্চগড়-১, ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৩ ও ৫, লালমনিরহাট-১ ও ২, গাইবান্ধা-৪, বগুড়া-৩, সিরাজগঞ্জ-১, যশোর-৩, খুলনা-৩ ও ৫, বরগুনা-১ ও ২, ঝালকাঠি-১, পিরোজপুর-২, ময়মনসিংহ-১ (রিকশা), ময়মনসিংহ-৪ ও ১০, কিশোরগঞ্জ-৩, ঢাকা-৭, ৮, ১০, ১৩ (রিকশা) ও ১৭, গোপালগঞ্জ-২, ব্রাহ্মণবাড়িয়া-৫, চাঁদপুর-৪, চট্টগ্রাম-১৪ এবং কক্সবাজার-৪।
ব্রিফিংয়ে দলের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, নির্বাচন-পরবর্তী সময়ে বিভিন্ন জেলা ও উপজেলায় জামায়াতের এজেন্ট, সমর্থক এবং নারী কর্মীরা প্রতিপক্ষের হামলার শিকার হচ্ছেন এবং কয়েকটি মৃত্যুর ঘটনাও ঘটেছে।
তিনি আরও বলেন, ঢাকার কিছু আসনে ফলাফল ঘোষণায় অস্বাভাবিক বিলম্ব হয়েছে, আবার কিছু এলাকায় খুব দ্রুত ফল দেওয়া হয়েছে, যা নিয়ে অনিয়ম ও প্রশাসনিক বিশৃঙ্খলার সন্দেহ তৈরি হয়েছে। সর্বাধিক আসন পাওয়া দল সহিংসতা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
জামায়াত নেতারা আশা প্রকাশ করেন, নতুন রাজনৈতিক বাস্তবতায় গড়ে ওঠা বাংলাদেশে ফ্যাসিবাদী আচরণের পুনরাবৃত্তি হবে না।































