২০ বছর পর ক্ষমতায় ফেরার পথে বিএনপি, প্রথমবার বিরোধী দল জামায়াত

- সর্বশেষ আপডেট ০৬:৪৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 203
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবার সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচন কমিশনের ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে, বিএনপি এককভাবে ২০৯টি আসন পেয়েছে, আর মিত্ররা আরও ৩টি জয় নিশ্চিত করেছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী এবার প্রথমবার স্বতন্ত্রভাবে প্রধান বিরোধী দল হিসেবে সংসদে ৬৮টি আসন জিতেছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি ৬টি, তাদের মিত্ররা ৩টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়ী হয়েছেন। সংসদে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৫১টি আসন, যা এককভাবে পূরণ করেছে বিএনপি।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন। ঢাকা-১৫ আসনে জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের আমির ডা. শফিকুর রহমান। বিএনপি আগেই জানিয়েছে, সরকার গঠিত হলে তারেক রহমানই দেশটির প্রধানমন্ত্রী হবেন।
২০০১ সালের জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি সরকার গঠন করেছিল। দলের প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, পরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দলকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যান। দীর্ঘ ৯ বছর স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে ১৯৯১ সালে খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন।
গত বছর ২৫ নভেম্বর দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পর দেশে ফেরেন তারেক রহমান এবং ২৭ নভেম্বর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন। রাজনীতিতে তারেক রহমানের যাত্রা শুরু হয় ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সদস্য হিসেবে। ২০০২ সালে তিনি সিনিয়র যুগ্ম মহাসচিব ও ২০০৯ সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালে খালেদা জিয়ার কারান্তরীণ অবস্থায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।
গত ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর পর ৯ জানুয়ারি তারেক রহমানকে দলের স্থায়ী কমিটি চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। এবার নির্বাচনে জামায়াত প্রধান বিরোধী শক্তি হিসেবে সংসদে প্রবেশ করেছে, যা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করেছে।































