১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- সর্বশেষ আপডেট ০৩:১৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / 6
আগামী ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। এ নির্দেশনা মানা না হলে নতুন রেজিস্ট্রেশন কিংবা ফিটনেস সনদ প্রদান ও নবায়ন করা হবে না বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
মঙ্গলবার (২৮ জুলাই) বিআরটিএর এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত এবং গণপরিবহনে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়াতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।
নির্দেশনা অনুযায়ী, নতুন রেজিস্ট্রেশন বা ফিটনেস সনদ নবায়নের সময় সংশ্লিষ্ট যানবাহনে জিপিএস ডিভাইস সংযোজনের প্রমাণপত্র জমা দিতে হবে। একই সঙ্গে মোবাইল অ্যাপের মাধ্যমে ডিভাইসটির কার্যকারিতাও প্রদর্শন করতে হবে।
বিআরটিএ জানিয়েছে, জিপিএস ডিভাইসের কারিগরি স্পেসিফিকেশন স্থানীয় বিআরটিএ কার্যালয় বা সংস্থাটির ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী, জিপিএস সংযুক্ত ও সচল থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই গণপরিবহনের রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ দেওয়া বা নবায়ন করা হবে।































