রায়পুরার চাঁনপুরা ইউনিয়ন
১৫ বছর নির্বাচন নেই, চেয়ারম্যান অপসারণের দাবি

- সর্বশেষ আপডেট ০৬:২১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / 89
নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়ন পরিষদে দীর্ঘ ১৫ বছর ধরে নির্বাচন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। বর্তমান চেয়ারম্যান মোমেন সরকারকে অপসারণ, প্রশাসক নিয়োগ এবং দ্রুত নির্বাচন আয়োজনের দাবিতে মানববন্ধন করেছেন তারা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রায়পুরা উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এ কর্মসূচিতে চাঁনপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় শতাধিক মানুষ অংশ নেন। এ সময় তারা বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১১ সালে চাঁনপুর ইউনিয়ন পরিষদে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর সীমানা নির্ধারণ ও ভোটারসংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘ ১৫ বছরেও আর নির্বাচন হয়নি। ২০১৬ সালে নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও মামলাসংক্রান্ত জটিলতায় তা স্থগিত হয়ে যায়।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় ইউনিয়নবাসী ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে চেয়ারম্যান মোমেন সরকার নিয়মিত পরিষদ কার্যালয়ে উপস্থিত থাকেন না। তিনি এলাকার বাইরে অবস্থান করায় অধিকাংশ সময় পরিষদ কার্যালয় বন্ধ থাকে। এতে সাধারণ মানুষ জন্মনিবন্ধনসহ বিভিন্ন নাগরিক সেবা নিতে ভোগান্তিতে পড়ছেন।
তারা আরও বলেন, একাধিক ইউপি সদস্যের মৃত্যুতে কয়েকটি ওয়ার্ডে জনপ্রতিনিধির পদ শূন্য রয়েছে। ফলে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ও নাগরিক সেবা ব্যাহত হচ্ছে।
মানববন্ধন থেকে অবিলম্বে চেয়ারম্যান মোমেন সরকারকে অপসারণ করে প্রশাসক নিয়োগের দাবি জানানো হয়। একই সঙ্গে সীমানা ও আইনি জটিলতা নিরসন করে রায়পুরার অন্যান্য ইউনিয়নের মতো চাঁনপুরেও দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানান বক্তারা।
কর্মসূচি শেষে ইউনিয়নবাসীর পক্ষ থেকে এসব দাবি জানিয়ে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেওয়া হয়।































