১২ হাজার শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

- সর্বশেষ আপডেট ১২:২০:৩১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / 169
দক্ষতাভিত্তিক শিক্ষা কার্যক্রম জোরদার করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২ হাজার শিক্ষককে নিয়ে একটি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক রহমান। এ সময় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, বিভিন্ন দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারকের (এমওইউ) মাধ্যমে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের সুযোগ আরও সম্প্রসারিত হচ্ছে।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং যুক্তরাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে একাডেমিক সহযোগিতা বাড়ানো হচ্ছে।
এ ছাড়া বর্তমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ইংরেজির পাশাপাশি ম্যান্ডারিন, জাপানিজ, কোরিয়ান, আরবি, ইতালিয়ান, স্প্যানিশ ও ফ্রেঞ্চ ভাষা শিক্ষার সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাল্টি ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে বলেও জানানো হয়।
অধিভুক্ত কলেজগুলোতে ল্যাঙ্গুয়েজ ক্লাব গঠনের কার্যক্রমও চলমান রয়েছে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।

































