১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি
- সর্বশেষ আপডেট ১০:২৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / 462
স্বামীর মৃত্যুতে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনি ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে কড়া পুলিশি নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে তাকে ঢাকার কলাবাগানের বাসার উদ্দেশে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ।
জেল সুপার জানান, বুধবার (১৯ আগস্ট) দীপু মনির মেয়ে তনী দীপাভলী নেওয়াজ জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তার প্যারোলের সময় নির্ধারণ করা হয়েছে।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময় শেষে পুলিশি পাহারায় তাকে আবার মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হবে।
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে মারা যান দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল জানান, প্যারোলে মুক্তির পর তিনি ঢাকার কলাবাগানের বাসায় যাবেন। সেখানে তৌফিক নেওয়াজের মরদেহ রাখা হয়েছে। ওই বাসাতেই দীপু মনির সঙ্গে তৌফিক নেওয়াজের প্রথম দেখা হয়েছিল বলে জানান তিনি। পরে গুলশান আজাদ মসজিদে তার জানাজা এবং বনানী কবরস্থানে দাফনের প্রস্তুতি রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার হন দীপু মনি। এরপর তার বিরুদ্ধে দায়ের করা মামলায় তিনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।





























