১০ হাজার টাকার নিচে কৃষিঋণ মওকুফে বরাদ্দ ১৫৬৭ কোটি
- সর্বশেষ আপডেট ০৩:২৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / 78
সরকার অনূর্ধ্ব ১০ হাজার টাকার কৃষিঋণের আসল ও সুদ পরিশোধের দায় নিজের কাঁধে তুলে নিতে যাচ্ছে। এ উদ্দেশ্যে চলতি ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে ১ হাজার ৫৬৭ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার ৪৮০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ জানায়, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে গত ২৬ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে সেই সিদ্ধান্তের ভিত্তিতেই সংশ্লিষ্ট বিভাগের অনুকূলে অর্থ ছাড় করা হয়েছে। ফলে নির্ধারিত সীমার ভেতরে থাকা কৃষিঋণের দায় সরকার বহন করবে।
নির্দেশনায় বলা হয়েছে, সুদ আরোপের পরবর্তী সময়ে যে অনারোপিত সুদ রয়েছে, তা সংশ্লিষ্ট ব্যাংকগুলো তাদের পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে মওকুফ করবে।
একই সঙ্গে ‘সাসপেন্স’ খাতে স্থানান্তরিত ১৩৭ কোটি ৫৮ লাখ ৩৯ হাজার ৮২৫ টাকা সংশ্লিষ্ট ব্যাংকগুলো অবলোপন করে দায় নিষ্পত্তি হিসেবে গণ্য করবে। এ সংক্রান্ত কোনো মামলা থাকলে তা প্রত্যাহারেরও নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক পুরো প্রক্রিয়া ধাপে ধাপে নিরীক্ষা করবে। নিরীক্ষা শেষে চূড়ান্ত হিসাব সরকারের কাছে পাঠানো হবে এবং সেই হিসাবের ভিত্তিতেই ব্যাংকগুলোকে অর্থ পরিশোধ করা হবে।
সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এই দায় গ্রহণের পর কৃষকদের বিরুদ্ধে দায়সংক্রান্ত কোনো মামলা থাকলে ব্যাংকগুলোকে তা দ্রুত প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে কৃষকরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে। মামলা প্রত্যাহারের অগ্রগতি প্রতি মাসে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে জানাতে হবে।
এ ছাড়া কোনো ব্যাংক প্রকৃত দায়ের চেয়ে বেশি অর্থ গ্রহণ করলে তা সুদসহ সরকারকে ফেরত দিতে হবে। বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারি সব আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণের নির্দেশও দেওয়া হয়েছে।
































