হরমুজ প্রণালি নিয়ে বিভ্রান্তি, খোলা না বন্ধ?

- সর্বশেষ আপডেট ০৪:৩৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / 130
মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালি ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। একদিকে বন্ধ থাকার দাবি, অন্যদিকে চলাচল বাড়ার কথা—বিভিন্ন সূত্রে আসছে পরস্পরবিরোধী তথ্য।
মার্চের শুরুতে যুদ্ধ শুরুর পর থেকেই গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ বন্ধ করে দেয় ইরান। তবে বুধবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির খবরে আন্তর্জাতিক বাজারে কিছুটা স্বস্তি ফিরে আসে। এতে অনেকেই ধারণা করেছিলেন, প্রণালিটি আবার খুলে দেওয়া হতে পারে।
কিন্তু বাস্তব পরিস্থিতি এখনো পরিষ্কার নয়। ঠিক কত জাহাজ চলাচল করছে বা পথটি কতটা উন্মুক্ত—এ বিষয়ে নির্ভরযোগ্য একক তথ্য পাওয়া যাচ্ছে না।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় যুদ্ধবিরতি কার্যত পূর্ণাঙ্গভাবে কার্যকর হয়নি। এ কারণে তেহরান এখনো হরমুজ প্রণালি বন্ধ রেখেছে বলে তাদের দাবি।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান ভিন্ন। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট সাংবাদিকদের জানিয়েছেন, প্রণালি বন্ধ থাকার খবর সঠিক নয়; বরং জাহাজ চলাচল বাড়ছে।
তাঁর ভাষ্য অনুযায়ী, এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবহিত রয়েছেন এবং প্রণালিটি চালু আছে বলে তিনি নিশ্চিত হয়েছেন।
এদিকে কিছু ইরানি সূত্রের বরাতে জানা গেছে, প্রণালির কাছাকাছি গিয়ে একটি জাহাজ ফিরে যেতে বাধ্য হয়েছে। এতে ধারণা জোরালো হয়েছে যে, অন্তত আংশিকভাবে পথটি এখনো সীমাবদ্ধ রয়েছে।
বাণিজ্যিক জাহাজসংক্রান্ত একটি প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, উপসাগরে থাকা জাহাজগুলোকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। এতে অনুমতি ছাড়া প্রণালিতে প্রবেশ করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রয়েছে।
এ পরিস্থিতিতে বিকল্প পথ ব্যবহারের নির্দেশনাও দিয়েছে আইআরজিসি। মাইন এড়াতে নিরাপদ রুট নির্ধারণ করে জাহাজ চলাচলের জন্য নতুন নির্দেশনা জারি করা হয়েছে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির মধ্যেও পুরোপুরি স্বাভাবিক অবস্থা ফিরতে সময় লাগতে পারে। কারণ, বিশ্ব জ্বালানি পরিবহনের বড় একটি অংশ এই প্রণালির ওপর নির্ভরশীল।































