‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে দুর্নীতি থাকবে’
- সর্বশেষ আপডেট ০৩:৪০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / 11
স্বাস্থ্যসেবায় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। শুক্রবার রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে।’
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ঝটিকা পরিদর্শনে মুগদা জেনারেল হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি হাসপাতালের ডেঙ্গু ইউনিটসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনের সময় হাসপাতালের বেশ কিছু অনিয়মও তাঁর নজরে আসে।
হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় কয়েকজন রোগী ও স্বজন অভিযোগ করেন, প্রয়োজনের সময় চিকিৎসকদের পাওয়া যায় না। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত নার্সদের সহযোগিতার ঘাটতি ও অবহেলার অভিযোগও জানান তারা।
অভিযোগ শুনে রোগী ও স্বজনদের আশ্বস্ত করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, হাসপাতালের সব ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসাসেবায় কোনো ধরনের অনিয়ম, অবহেলা বা দায়িত্বহীনতা বরদাশত করা হবে না বলেও সতর্ক করেন তিনি।
পরিদর্শনকালে হাম প্রতিরোধে ৪ কোটি টিকা সংগ্রহের কথা জানান সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে বলেও জানান তিনি।
এ ছাড়া আগামী ১২ সেপ্টেম্বর থেকে সারাদেশে তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তাঁর ভাষ্য অনুযায়ী, সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করবেন।






























