স্বাস্থ্যসেবা সংস্কারে অগ্রাধিকার, প্রাথমিক সেবায় জোর দেওয়ার আহ্বান

- সর্বশেষ আপডেট ০৮:৩৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
- / 283
স্বাস্থ্যখাতের রূপান্তর ও সার্বজনীন স্বাস্থ্যসেবা (ইউএইচসি) নিশ্চিত করতে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়েছেন বক্তারা। তারা ব্যক্তিগত স্বাস্থ্যব্যয়ের চাপ কমানো, মানবসম্পদ ঘাটতি দূর করা এবং স্বাস্থ্যসেবা প্রদানের মানোন্নয়নকে সংস্কারের প্রধান অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছেন।
শনিবার (৭ মার্চ) রাজধানীর সিরডাপ অডিটোরিয়াম- এ “সার্বজনীন স্বাস্থ্যসেবা অর্জনের জন্য কার্যকর অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি” শীর্ষক নীতিগত সংলাপে এসব মতামত উঠে আসে। পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার এবং ইউএইচসি ফোরাম- এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সংলাপে সহযোগিতা করে ইউনিসেফ।
নীতিনির্ধারক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। মূল উদ্দেশ্য ছিল স্বাস্থ্যখাতে সংস্কার অগ্রাধিকার নির্ধারণ এবং বাস্তবসম্মত নীতিগত পদক্ষেপ নিয়ে আলোচনা করা, যাতে সার্বজনীন স্বাস্থ্যসেবা অর্জনের গতি ত্বরান্বিত হয়।
আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সেবা প্রদানের সক্ষমতা বাড়ানো এবং কার্যকর রেফারেল ব্যবস্থা গড়ে তোলা জরুরি। পাশাপাশি বেসরকারি স্বাস্থ্যখাতের ওপর কার্যকর নিয়ন্ত্রক তদারকি এবং সংস্কার বাস্তবায়নে আমলাতান্ত্রিক প্রতিবন্ধকতা কমানোর প্রয়োজনীয়তার কথাও উঠে আসে।
স্বাস্থ্যখাতের অর্থায়ন ও সুশাসনের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। বক্তারা স্বাস্থ্যখাতে সরকারি বিনিয়োগ বাড়ানো, ক্রয় ব্যবস্থাপনা উন্নত করা এবং শূন্য পদগুলো দ্রুত পূরণের আহ্বান জানান। তারা অসংক্রামক রোগের বাড়তে থাকা চাপ, পুষ্টি চ্যালেঞ্জ এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসচেতনতার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করা, ওষুধের মূল্য নিয়ন্ত্রণ এবং গবেষণালব্ধ তথ্য নীতিনির্ধারণে ব্যবহার নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। অংশগ্রহণকারীরা বলেন, সার্বজনীন স্বাস্থ্যসেবা অর্জনের জন্য সুস্পষ্ট সংস্কার রোডম্যাপ, রাজনৈতিক অঙ্গীকার এবং সরকার ও গবেষণা প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।
সংলাপে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এমএ মুহিত সরকারের সংস্কার অগ্রগতির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, ই-হেলথ কার্ড চালু, স্বাস্থ্যখাতে শূন্য পদ পূরণ এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদানকারীদের উপস্থিতি ও নিরাপত্তা নিশ্চিত করার ওপরও তিনি জোর দেন।
সমাপনী বক্তব্যে ডা. হোসেন জিল্লুর রহমান স্বাস্থ্যখাতে সংস্কার অগ্রগতির জন্য সরকার, গবেষক ও নীতিনির্ধারকদের ধারাবাহিক সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবায় সমতা, পুষ্টি ও রোগ প্রতিরোধে সচেতনতা অগ্রাধিকার হওয়া উচিত। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সেবার মানোন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।

































