সারজিস আলমকে জরিমানা

- সর্বশেষ আপডেট ১০:৫৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 145
নির্বাচনি আচরনবিধি লঙ্ঘনের দায়ে পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলমকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার (৪ ফেব্রয়ারি) রাত ৮টার পর পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে সারজিস আলম এক পথসভায় বক্তব্য দিচ্ছিলেন। ঠিক সে সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যামান আদালতের লোক সেখানে উপস্থিত হন এবং আচরণবিধি লঙ্ঘনের দায়ে সারজিস আলমকে অভিযুক্ত করেন।
ঘটনার সময় ওই পথসভায় সারজিসের সঙ্গে সেখানে পঞ্চগড় জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইনসহ পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা ছাড়াও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) এসএম আকাশ নির্বাচনি আচরণবিধি ১৭ এর ২ ধারা লঙ্ঘনের দায়ে সারজিস আলমকে ৫ হাজার টাকা জরিমানা নির্ধারণ করলে তার নির্বাচনি প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব জরিমানার ৫ হাজার টাকা তাৎক্ষনিকভাবে পরিশোধ করেন। একইসঙ্গে আগামীতে নির্বাচনি সভায় নির্ধারিত সময়ে মাইক ব্যবহারে সর্তক করা হয়।
সারজিস আলমের নির্বাচনি প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব বলেন, নির্বাচনি পথসভায় এনসিপির প্রার্থী সারজিস আলম বক্তব্য দিতে গিয়ে নির্ধারিত সময় পার হয়ে যায়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রামামান আদালত সভাস্থলে এসে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেন।































