সাতসকালে সড়কে ঝরল ১৫ প্রাণ
- সর্বশেষ আপডেট ০১:১৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / 9
ছুটির দিনের সকালে দেশের দুই জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে বগুড়ায় বাসচাপায় ৭ জন এবং সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। দুই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।
শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এরপর রাস্তার পাশে কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজন মারা যান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় নিশ্চিত হয়েছে। তারা হলেন বগুড়ার বেলাল হোসেন (৩৭), গাইবান্ধার আমিরুল ইসলাম (৪৫), নূর আলম (৩৫), ফয়জার রহমান (৪৩), আবদুর রহিম (৪৬) এবং জয়পুরহাটের তাজমুল (৪৫)। অপর একজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার ও পরবর্তী কার্যক্রম পরিচালনা করছে।
একই দিন সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত এবং ১৩ জন আহত হন।
পুলিশ জানায়, ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হলে ইউনিক পরিবহনের বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের সাত যাত্রী নিহত হন। পরে গুরুতর আহত এক শিশুকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


































