সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ০৪:১০:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / 101
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য (এমপি) মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৭ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবি সূত্র জানায়, বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে নজরুল ইসলামকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সাতক্ষীরা-১ আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।






























