সাতক্ষীরায় সার ডিলারশিপ বাতিলের দাবিতে বিএনপির মানববন্ধন
- সর্বশেষ আপডেট ০২:৪১:০২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / 43
সাতক্ষীরার ৭৭টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা। বিতর্কিত ডিলার নিয়োগের তালিকা বাতিলের দাবিতে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়কে এ কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে অংশ নেওয়া বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে জেলা প্রশাসনের সহযোগিতায় সার ডিলার নিয়োগের তালিকা চূড়ান্ত করা হয়েছে। এমনকি বড় অঙ্কের আর্থিক লেনদেনের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদেরও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে দাবি করেন তারা।
বক্তারা বলেন, সার ডিলার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে যোগ্য ব্যক্তিদের বঞ্চিত করা হয়েছে। এ ধরনের নিয়োগ কৃষকদের স্বার্থ ক্ষুণ্ন করার পাশাপাশি দলের ত্যাগী নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। তারা বিতর্কিত তালিকা বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় ডিলার নিয়োগের দাবি জানান।
জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন পৌর বিএনপির সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টু, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান সজীব, যুগ্ম সম্পাদক খোকাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।






























