সাইবার যুদ্ধের প্রস্তুতি বাড়াতে বললেন সেনাপ্রধান

- সর্বশেষ আপডেট ০৮:৩২:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / 89
আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় ড্রোন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইলেকট্রনিক ও সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার (১৬ নভেম্বর) যশোর সেনানিবাসের সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে ‘কোর অব সিগন্যালস’-এর বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৬ ও সপ্তম কোর পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
সেনাপ্রধান বলেন, একবিংশ শতাব্দীর পরিবর্তনশীল যুদ্ধপরিস্থিতি মোকাবিলায় সিগন্যালস কোরকে প্রযুক্তিগত উৎকর্ষ ও উদ্ভাবনী সক্ষমতা অর্জন করতে হবে। আধুনিক যোগাযোগব্যবস্থাকে আরও দক্ষ, গতিশীল ও যুগোপযোগী করার পাশাপাশি বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে কোরের সদস্যদের সর্বদা প্রস্তুত রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠান শেষে সেনাপ্রধান সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে আয়োজিত আইসিটি ইনোভেশন ডিসপ্লে পরিদর্শন করেন। এ সময় সিগন্যালস কোরের বিভিন্ন ইউনিটের উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখেন তিনি।
পরে শহীদ ক্যাপ্টেন আব্দুল হামিদ খান প্যারেড গ্রাউন্ডে কোরের পুনর্মিলনী কুচকাওয়াজ পরিদর্শন করেন সেনাপ্রধান। এ সময় তিনি সিগন্যালস কোরের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য এবং দেশের জন্য কোরের অবদান ও অর্জনের কথা তুলে ধরেন।
আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানে সিগন্যালস কোরের কর্নেল কমান্ড্যান্ট, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
































