বললেন আইনমন্ত্রী
সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন
- সর্বশেষ আপডেট ০২:৩৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- / 114
বিএনপি নেতৃত্বাধীন সরকার কোনো ভুল করলে তা ধরিয়ে দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, কাজ করতে গেলে ভুল হতে পারে, তবে সেই ভুল সংশোধন করে সামনে এগিয়ে যেতে হবে।
বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.) আয়োজিত দৃষ্টি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, দৃষ্টি প্রতিবন্ধী মানুষকে আলোর পথ দেখানোর মতো ভালো কাজ আর হতে পারে না। ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.) দীর্ঘদিন ধরে দৃষ্টি প্রতিবন্ধীদের প্রতিভা বিকাশে কাজ করছে। তিন বছর ধরে তৃতীয় লিঙ্গের মানুষদেরও এ কার্যক্রমের আওতায় আনা হয়েছে।
তিনি বলেন, তৃতীয় লিঙ্গের মানুষও সমাজের অংশ এবং তাদেরও অধিকার রয়েছে। তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।
সরকারের সমালোচনার বিষয়ে আইনমন্ত্রী বলেন, সরকার ভুল করলে ‘চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে’। আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ রেখে যেতে হলে ভুল থেকে শিক্ষা নিয়ে তা সংশোধন করে এগিয়ে যেতে হবে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে হবে, যেখানে ভবিষ্যতে ফ্যাসিজম ফিরে আসার কোনো সুযোগ থাকবে না।
আইনমন্ত্রী বলেন, শুধু বিরোধিতা করার জন্য বিরোধিতা করা উচিত নয়। অন্যায় ও হত্যাকাণ্ড দেখেও যারা নীরব থাকেন, তাদেরও সচেতন হতে হবে। দেশ গঠনে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।





























