সমকামীদের সমাবেশে গাড়ি উঠিয়ে হামলা, নিহত এক
- সর্বশেষ আপডেট ১১:২৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / 68
জার্মানির রাজধানী বার্লিনে সমকামীদের (এলজিবিটিকিউ+) বার্ষিক প্রাইড শোভাযাত্রায় একটি গাড়ি জনতার ভিড়ে উঠে গেলে একজন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাত ১০টার দিকে টিয়ারগার্টেন পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পরপরই সন্দেহভাজন হামলাকারী পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারে বার্লিনজুড়ে ব্যাপক তল্লাশি চলছে। হেলিকপ্টার, থার্মাল-ইমেজিং ক্যামেরাসহ বিশেষ প্রযুক্তি ব্যবহার করে অভিযান পরিচালনা করা হচ্ছে।
তদন্তকারীরা জানিয়েছে, হামলায় ব্যবহৃত একটি সাদা রঙের মিনিভ্যান বা ছোট আকারের এসইউভি পরে একটি পার্কে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সাদা রঙের গাড়িটি দ্রুতগতিতে জনতার মধ্যে ঢুকে পড়ে, এতে বহু মানুষ আহত হন। ঘটনাস্থলে দ্রুত পুলিশ, ফায়ার সার্ভিস ও জরুরি চিকিৎসা কর্মীরা পৌঁছে আহতদের হাসপাতালে পাঠান।
স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, পুলিশ একজন সন্দেহভাজনকে শনাক্ত করেছে। পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, ওই ব্যক্তি ইসলামপন্থী চক্রের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে আগে থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। তবে ঘটনার তদন্ত এখনও চলমান এবং আনুষ্ঠানিকভাবে হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানানো হয়নি।
ঘটনার পরপরই বার্ষিক ক্রিস্টোফার স্ট্রিট ডে (CSD) প্রাইড শোভাযাত্রা বাতিল করা হয়। আয়োজকরা সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনুষ্ঠানের বড় পর্দার মাধ্যমে অংশগ্রহণকারীদের শান্তভাবে এলাকা ত্যাগের আহ্বান জানান। ব্র্যান্ডেনবার্গ গেট এলাকায় স্থাপিত বড় পর্দায়ও “এলাকা খালি করুন” বার্তা প্রদর্শন করা হয়।
বার্লিনের এই প্রাইড শোভাযাত্রা জার্মানির সবচেয়ে বড় এলজিবিটিকিউ+ অধিকারভিত্তিক আয়োজন। শহর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এবারের অনুষ্ঠানে প্রায় ১০ লাখ মানুষের অংশগ্রহণের আশা করা হয়েছিল।
ক্রিস্টোফার স্ট্রিট ডে নামটি ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের স্টোনওয়াল ইন-এ এলজিবিটিকিউ সম্প্রদায়ের ঐতিহাসিক আন্দোলনের স্মরণে রাখা হয়েছে। সেই ঘটনার স্মৃতিকে ধারণ করেই প্রতিবছর বার্লিনসহ জার্মানির বিভিন্ন শহরে প্রাইড শোভাযাত্রার আয়োজন করা হয়।
ঘটনার পর জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মেৎস একে “ভয়াবহ একটি ঘটনা” হিসেবে উল্লেখ করে পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানিয়েছেন, ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং নিরাপত্তা সংস্থাগুলো নিয়মিত পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করছে।
বার্লিনের মেয়র কাই ভেগনারও হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এটি “স্বাধীন ও উদার সমাজের ওপর একটি আক্রমণ”। তিনি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি দ্রুত উদ্ধারকাজ পরিচালনার জন্য জরুরি সেবা কর্মীদের ধন্যবাদ জানিয়ে তদন্তে পুলিশের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন।





























