সংসদে ঢোকার চেষ্টা, লাঠিচার্জে ছত্রভঙ্গ শিক্ষার্থীরা
- সর্বশেষ আপডেট ০৮:০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- / 13
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভ মঙ্গলবার সন্ধ্যায় গড়ায় জাতীয় সংসদ ভবনের সামনে। একপর্যায়ে সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জাতীয় সংসদ ভবনের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সন্ধ্যা ৬টার দিকে তারা জাতীয় সংসদ ভবনের সামনে জড়ো হন। সে সময় সংসদের অধিবেশন চলছিল। ভবনের সামনে অবস্থান নিয়ে তারা “ভুয়া, ভুয়া” স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, প্রথমে পুলিশ আন্দোলনকারীদের শান্তভাবে সরে যেতে অনুরোধ করে। কিন্তু একপর্যায়ে শিক্ষার্থীদের একটি অংশ সংসদ ভবনের প্রধান ফটক অতিক্রম করে ভেতরে প্রবেশের চেষ্টা করলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এরপর পুলিশ লাঠিচার্জ শুরু করে।
লাঠিচার্জের মুখে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। এ সময় কয়েকজন বিক্ষোভকারী পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপের চেষ্টা করেন বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ধাওয়া দিয়ে আন্দোলনকারীদের জাতীয় সংসদ ভবনের প্রধান ফটক থেকে আসাদ গেট পর্যন্ত সরিয়ে দেয়। পরে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনের প্রতিবাদ, পরীক্ষা-সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে মঙ্গলবার দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
































